আরডিএর বৃক্ষরোপণ কর্মসূচি
সবুজ রাজশাহী গড়ার অভিযানে ভূমিমন্ত্রী
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৩:১৪ পিএম
ছবি: সংগৃহীত
রাজশাহীকে আরও সবুজ, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দ্বিতীয় দিনের মতো বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় রাজশাহীর পদ্মা আবাসিক এলাকার ২ ও ৩ নম্বর সড়কের পাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে রাজশাহী কলেজের খালি জায়গাতেও বৃক্ষরোপণ করা হয়।
এ সময় আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটসহ উপস্থিত অতিথিরা নিজ হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। তারা রাজশাহীর সবুজায়ন সম্প্রসারণ এবং পরিবেশ সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, দ্রুত নগরায়ণ এবং পরিবেশগত ভারসাম্যহীনতার চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি বাসযোগ্য ও টেকসই নগর গড়ে তুলতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। প্রত্যেক নাগরিক যদি অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নেন, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, স্বাস্থ্যকর ও নির্মল পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

আরডিএ জানায়, এ কর্মসূচির আওতায় মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, পার্ক, উন্মুক্ত স্থান এবং সংস্থাটির বিভিন্ন প্রকল্প এলাকায় পর্যায়ক্রমে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। শুধু বৃক্ষরোপণেই সীমাবদ্ধ না থেকে চারা সংরক্ষণ, নিয়মিত পরিচর্যা এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিলন, মো. মারুফ হোসেন জীবন, মো. শফিকুল ইসলাম শ্যামল, মোহাম্মদ জয়নাল আবেদীন, মো. নাইম ইসলাম, মোহাম্মদ তোরাব আলী পারভেজ, স্বেচ্ছাসেবক দলের নেতা শরিফুল হাসান পরাগ, মোহাম্মদ আজিম উদ্দিন সোহাগ, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রবিউল ইসলাম ডলারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
উল্লেখ্য, আরডিএর উদ্যোগে চলমান এ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন প্রথম দিনে আরডিএ পার্কে অনুষ্ঠিত হয়। ধারাবাহিক এ কর্মসূচির অংশ হিসেবে আগামী দিনগুলোতে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।
