যুবদল নেতার কবজি কেটে দিল আ. লীগ নেতা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৫:৫৮ পিএম
ছবি : সংগৃহীত
নওগাঁর বদলগাছীতে জমির আইল কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে ইউনিয়ন যুবদলের এক নেতার হাতের কবজি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে।
রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত হাসান রমন (৪২) জালালপুর গ্রামের বাসিন্দা এবং মথুরাপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি বলে স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন।
অভিযুক্ত মিজানুর রহমান একই গ্রামের বাসিন্দা ও ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। গ্রেপ্তার হওয়া অপর ব্যক্তি তার স্ত্রী আমেনা বেগম, যিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভানেত্রী বলে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জমির আইল কাটা নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে ধারালো হাসুয়া দিয়ে হাসান রমনের বাম হাতে আঘাত করা হলে তার কবজি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। ছেলেকে উদ্ধার করতে গেলে তার মা বিউটি বেগমও হামলার শিকার হন। আহত মা-ছেলেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসান রমনের বাবা ও মামলার বাদী দুদু মিয়া অভিযোগ করেন, জমির বিরোধকে কেন্দ্র করে মিজানুর রহমান ও তার স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে তার ছেলে এবং স্ত্রীকে কুপিয়ে আহত করেছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু বলেন, অভিযুক্তরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
তবে অভিযোগ অস্বীকার করে মিজানুর রহমান বলেন, তার জমির আইল কেটে ফেলাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। পরে কয়েকজন মিলে তার বাড়িতে হামলা চালায়। ধস্তাধস্তির সময় তার হাতে থাকা ঘাস কাটার হাসুয়া থেকে হাসান রমনের হাতে আঘাত লাগে বলে দাবি করেন তিনি।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। মামলার প্রধান আসামি মিজানুর রহমান ও তার স্ত্রী আমেনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
