ভাংতি টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পিএম
ছবি: সংগৃহীত
রাজশাহীতে ভাংতি টাকা না দেওয়াকে কেন্দ্র করে তর্কের জেরে আবদুল বারী (৪০) নামে এক মুদি ব্যবসায়ীর দোকানে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে তাকে এলোপাতারি কুপিয়ে হত্যা করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরীর রাজপাড়া থানার বাকির মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত আবদুল বারী ওই এলাকার বদরুল সরকারের ছেলে।
নিহতের স্বজন ও পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যার পর নগরীর চণ্ডীপুর এলাকার কয়েকজন যুবক বাকির মোড়ে মাদক সেবন করতে যায়। পরে তারা আবদুল বারীর দোকানে গিয়ে টাকা ভাঙানোর চেষ্টা করলে দোকানে ভাংতি টাকা নেই বলে জানান তিনি। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনার জের ধরে রাত পৌনে ২টার দিকে ৫০ থেকে ৫৫ জনের একটি দল দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা নিয়ে আবদুল বারীর বাড়ির সামনে যায় বলে অভিযোগ করা হয়েছে। সেখানে গিয়ে তারা প্রথমে তার মুদিখানার দোকানের শাটারের তালা ভেঙে ভেতরে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে দোকানটিতে আগুন ধরে যায়।
আরো পড়ুন: দুর্নীতি পুরোপুরি শেষ হয়নি: স্বাস্থ্যমন্ত্রী
দোকানে আগুন দেওয়ার পর আবদুল বারী ও পরিবারের সদস্যরা বাড়ি থেকে বেরিয়ে আসেন। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আবদুল বারীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। স্বজনদের দাবি, তাকে মৃত ভেবে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যায়।
পরে পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় আবদুল বারীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রোববার বিকেল পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
ওসি আরও জানান, ময়নাতদন্ত শেষে নিহত ব্যবসায়ীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। এজাহার পর্যালোচনা করে আসামিদের গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে।
