নীলফামারীতে ডিজিটাল অপরাধ প্রতিরোধে প্রস্তুত হচ্ছে জেলা পুলিশের ‘সাইবার সেল’
মো. রাজীব চৌধুরী রাজু, নীলফামারী থেকে
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০২:৪১ পিএম
ফাইল ছবি
অনলাইন প্রতারণাসহ সব ধরনের ডিজিটাল অপরাধ প্রতিরোধ এবং সাধারণ মানুষের প্রযুক্তিনির্ভর নিরাপত্তা নিশ্চিত করতে অত্যাধুনিক ‘সাইবার সেল’ তৈরির উদ্যোগ গ্রহণ করেছে নীলফামারী জেলা পুলিশ।
জেলা পুলিশের তথ্য বলছে, এটি নিছক ‘সাইবার সেল’ নয়, জেলা পুলিশ সুপারের পরিকল্পনার অংশ হিসেবে গঠিত এই ইউনিট জেলার আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি অনলাইন প্রতারণাসহ সব ধরনের ডিজিটাল অপরাধ রোধসহ প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
নতুন এই ইউনিটের মাধ্যমে সাধারণ মানুষ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা দ্রুত ও সহজে গ্রহণ করতে পারবেন। হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে উন্নত ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করা হবে। একই সঙ্গে জটিল ও ‘ক্লু-লেস’ মামলার তদন্তে ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ, কল ডিটেইলস, সাইবার ট্র্যাকিং এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক অনুসন্ধানের মাধ্যমে অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনার কার্যক্রম পরিচালিত হবে বলেও জানায় জেলা পুলিশ।
এ ছাড়া ফেসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আইডি হ্যাকিং, ব্যক্তিগত ছবি বিকৃত করে প্রচার, অনলাইন ব্ল্যাকমেইলিংসহ নানা ধরনের সাইবার সহিংসতার ঘটনায় ভুক্তভোগীরা পাবেন তাৎক্ষণিক সহায়তা। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার, ধর্মীয় উসকানি, সামাজিক অস্থিরতা সৃষ্টি কিংবা রাষ্ট্রবিরোধী বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর মতো অপরাধ প্রতিরোধেও এই সাইবার সেল ২৪ ঘণ্টা নজরদারি করবে।
জানতে চাইলে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাংবাদিকদের জানান, আধুনিক প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদের সমন্বয়ে পরিচালিত এই সাইবার সেল নীলফামারী জেলার জনগণের জন্য একটি নির্ভরযোগ্য সেবাকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার জন্য চেষ্টা চলছে। ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধের তদন্তের গতি বৃদ্ধি এবং নিরাপদ সাইবার সুরক্ষার পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে ২৪ ঘণ্টা কাজ করছে নীলফামারী জেলা পুলিশ।
