মির্জা ফখরুলকে নিয়ে তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১০:৪৮ পিএম
ছবি : সংগৃহীত
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের পর তাকে নিয়ে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন তাসনিম জারা। সেখানে তিনি মির্জা ফখরুলের সঙ্গে নিজের রাজনৈতিক জীবনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি নতুন রাষ্ট্রপতির প্রতি আস্থার কথাও জানিয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তাসনিম জারা লেখেন, মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর থেকে তিনি আর কোনো দলের নন, তিনি বাংলাদেশের।
তিনি বলেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের কর্মকাণ্ডের মধ্য দিয়ে রাষ্ট্রপতি পদের সম্মান, মর্যাদা ও স্থিতিশীলতা ফিরে আসবে এমন প্রত্যাশা রয়েছে তার। মির্জা ফখরুলকে যতটুকু জেনেছেন, তার ভিত্তিতে তিনি আশা রাখতে চান বলেও উল্লেখ করেন।
মির্জা ফখরুলের সঙ্গে পরিচয়ের প্রসঙ্গ তুলে তাসনিম জারা জানান, ২০১৮ সালে তিনি প্রথম ভোট দেওয়ার সুযোগ পান। ওই নির্বাচনের আগে মির্জা ফখরুল তরুণ ভোটারদের উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন। সেখানে তিনি প্রথমবার ভোট দিতে যাওয়া তরুণদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছিলেন।
তাসনিম জারা মির্জা ফখরুলকে একজন সুবক্তা হিসেবে উল্লেখ করে বলেন, রাজনীতিতে আসার আগে তিনি শিক্ষক ছিলেন। তার বক্তব্য শুনলে সেই অভিজ্ঞতার ছাপ বোঝা যেত বলেও মন্তব্য করেন তিনি।
২০১৮ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে তাসনিম জারা জানান, ভোট কারচুপির আশঙ্কার মধ্যেও মির্জা ফখরুল ভোটারদের কেন্দ্রে গিয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছিলেন। তার সেই আহ্বানে অনুপ্রাণিত হয়ে তিনি খিলগাঁওয়ের একটি কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন। তবে সকালেই সেখানে অনিয়মের ঘটনা দেখতে পান বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন: ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল
তাসনিম জারা আরও উল্লেখ করেন, ওই নির্বাচনে মির্জা ফখরুল নিজের আসনে জয়ী হলেও বিতর্কিত নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদে তিনি যোগ দেননি। তার মতে, ক্ষমতার সুযোগ পেয়েও নীতির প্রশ্নে তা প্রত্যাখ্যান করার ঘটনা তাকে অন্যদের থেকে আলাদা করেছে।
মির্জা ফখরুলের সঙ্গে বিভিন্ন সময়ে কথোপকথনের অভিজ্ঞতাও তুলে ধরেছেন তাসনিম জারা। তিনি জানান, রাজনৈতিক জীবনে বিভিন্ন প্রবীণ ব্যক্তির পরামর্শ নেওয়ার পাশাপাশি মির্জা ফখরুলের সঙ্গেও একাধিকবার কথা বলেছেন। এ সময় তিনি রাজনৈতিক অভিজ্ঞতা, বই পড়া এবং বিভিন্ন বিষয়ে অকপটে কথা বলেছেন বলে জানান তাসনিম জারা।
তিনি বলেন, রাজনীতির অঙ্গনে এমন মানুষ খুব বেশি নেই, যারা রাজনীতি নিয়ে আলোচনার পাশাপাশি বই পড়ার পরামর্শ দেন কিংবা নিজের বই অন্যকে পড়তে দেন। এসব ছোট বিষয় থেকেই একজন মানুষের রাজনীতি সম্পর্কে দৃষ্টিভঙ্গি বোঝা যায় বলেও মন্তব্য করেন তিনি।
রাষ্ট্রপতি পদের গুরুত্ব তুলে ধরে তাসনিম জারা বলেন, বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার পালাবদলের সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ। রাষ্ট্রপতি পদ কখনো বড় সংকটের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, আবার কখনো দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতেও ভূমিকা রেখেছে। এ ক্ষেত্রে পদে থাকা ব্যক্তির চরিত্রই বড় পার্থক্য তৈরি করে বলে মনে করেন তিনি।
এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান।
