ডিসেম্বর মোকাবিলায় যেসব প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:১৪ পিএম
ছবি : সংগৃহীত
গত বছরের ডিসেম্বর বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম অস্থির সময় হিসেবে চিহ্নিত হয়ে আছে। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে তরুণ রাজনৈতিক নেতা শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। ১৮ ডিসেম্বর তার মৃত্যুর পর প্রথম আলো, দ্য ডেইলি স্টার এবং ছায়ানট ও উদীচীর মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে।
এরপর ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরেন তারেক রহমান। এর পাঁচ দিন পর মারা যান তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এক বছর পর আবারও সামনে এসেছে ডিসেম্বর। তবে এবারও মাসটি ঘিরে তৈরি হয়েছে নানা রাজনৈতিক, নিরাপত্তা ও কূটনৈতিক অনিশ্চয়তা।
হাদির মৃত্যুবার্ষিকী এবং গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার এক বছর পূর্তির পাশাপাশি বেশ কয়েকটি রাজনৈতিক ও কূটনৈতিক ইস্যু ডিসেম্বরকে বাংলাদেশের জন্য সংবেদনশীল করে তুলতে পারে। এসব ঘটনার সম্মিলিত প্রভাব সামাল দেওয়া নতুন সরকারের জন্য বড় পরীক্ষা হয়ে উঠতে পারে।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে অনিশ্চয়তা
ডিসেম্বরের সবচেয়ে বড় রাজনৈতিক অনিশ্চয়তার কেন্দ্রে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছেন বলে আলোচনা রয়েছে।
গত ৯ নভেম্বর যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স ল চেম্বার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে চিঠি দিয়ে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন জানায়।
একই দিন বিএনপির সংসদীয় দলের বৈঠকেও বিষয়টি আলোচনায় আসে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে বৈঠকে সভাপতিত্ব করা প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।
এর আগে ওই দিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের অনুরোধকে ‘সম্পূর্ণ হাস্যকর’ বলে অভিহিত করেন। তিনি বলেন, বাংলাদেশ চায় শেখ হাসিনাকে সাধারণ যাত্রী হিসেবে দেশে ফেরার সুযোগ দেওয়ার পরিবর্তে প্রত্যর্পণ চুক্তির আওতায় হস্তান্তর করা হোক।
পরদিন ১০ নভেম্বর প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান জানান, শেখ হাসিনা নিজে পাসপোর্টের জন্য আবেদন করেননি। প্রত্যর্পণ প্রক্রিয়ায় তাকে দেশে ফিরিয়ে আনতে সরকার কোনো আইনি বাধা দেখছে না বলেও জানান তিনি।
অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট দেওয়ার কোনো আইনি সুযোগ নেই। নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল না করায় তিনি সেই সুযোগ হারিয়েছেন। দেশে ফিরলে তার মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি সামনে আসবে বলেও জানান তিনি।
২০২৪ সালের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। দেশের একটি অংশে এখনো তার সমর্থন থাকায় বাংলাদেশের রাজনীতিতে তিনি বিতর্কিত ও প্রভাবশালী একটি নাম।
ফলে তার দেশে ফেরার সম্ভাবনা সরকারকে একাধিক চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। আদালতের রায় কার্যকর, নিরাপত্তা নিশ্চিত এবং তাকে ঘিরে সম্ভাব্য জনসমাগম ও রাজনৈতিক পরিস্থিতি সামাল দেওয়া হবে সরকারের জন্য বড় পরীক্ষা। এমনকি দেশে ফেরার তারিখ ঘোষণা করা হলেও রাস্তায় মানুষের সমাগম ও বিক্ষোভের আশঙ্কা রয়েছে।
নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
সাম্প্রতিক সময়ে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। গত ৭ থেকে ৯ নভেম্বরের মধ্যে অন্তত ১৯টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, এই তিন দিনে রাজধানীতে ৪৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
১০ নভেম্বর দেশের বিভিন্ন স্থানে আরও ২২টি অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। ওই দিন একজন নিহত হন এবং অন্তত ১০টি যানবাহনে আগুন দেওয়া হয়।
পুলিশের অভিযোগ, ডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব হামলা চালাচ্ছেন।
একই ধরনের হামলার পুনরাবৃত্তি এবং দেশের বিভিন্ন এলাকায় এর বিস্তার পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি গণগ্রেপ্তার বা অতিরিক্ত বলপ্রয়োগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, তাহলে নিরাপত্তা সংকট নতুন রাজনৈতিক সংঘাতে রূপ নিতে পারে।
ডিসেম্বরের রাজনৈতিক তাৎপর্যও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এটি বাংলাদেশের বিজয়ের মাস। বর্তমান বিএনপি সরকারের অধীনে এবারই প্রথম বিজয় দিবস উদ্যাপিত হতে যাচ্ছে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস নিয়ে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে নিজেদের রাজনৈতিক অবস্থান গড়ে তুলেছে। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, দলটি নিজেদের সমালোচনা দমনে মুক্তিযুদ্ধের ইতিহাসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক অতীত ও ভবিষ্যৎ নিয়ে বিতর্ক আরও জটিল হয়েছে। নতুন সরকার কীভাবে বিজয় দিবস পালন করে এবং বিরোধী দলগুলো কীভাবে প্রতিক্রিয়া জানায়, তা থেকেও নতুন উত্তেজনা তৈরি হতে পারে। পাশাপাশি পাল্টাপাল্টি সমাবেশ, রাজনৈতিক বক্তব্য ও বিক্ষোভের আশঙ্কা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলছে।
গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নিরাপত্তা
সংবাদপত্র ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার এক বছর পূর্তিতে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসছে—সেই ঘটনার পর পরিস্থিতির কতটা পরিবর্তন হয়েছে?
গত বছরের ১৮ ও ১৯ ডিসেম্বরের হামলাগুলো শুধু ভাঙচুরের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। দ্য ডেইলি স্টার ও ডিসমিসল্যাবের এক অনুসন্ধানে দেখা গেছে, হামলার আগে অনলাইনে উসকানিমূলক প্রচারণার মাধ্যমে সংবাদপত্র ও সাংস্কৃতিক সংগঠনগুলোর বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হয়েছিল। প্রকাশ্যে হুমকি দেওয়া হলেও দীর্ঘ সময় তা উপেক্ষা করা হয় বলে অনুসন্ধানে উঠে আসে।
এক বছর পর এখন প্রশ্ন উঠছে, এসব হামলার জন্য দায়ীদের কতজনকে বিচারের আওতায় আনা হয়েছে? সাংবাদিক, সম্পাদক ও সংস্কৃতিকর্মীরা কি আগের তুলনায় বেশি নিরাপদ বোধ করছেন?
নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে এসব প্রতিষ্ঠান আবারও হামলার শিকার হতে পারে। তাই গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কী পদক্ষেপ নেয়, তা মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সরকারের অঙ্গীকারের গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে উঠবে।
ভারতের সঙ্গে টানাপোড়েন ও উসকানিমূলক বক্তব্য
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অনিশ্চয়তার পাশাপাশি ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনও পরিস্থিতিকে জটিল করে তুলছে।
২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে অবস্থান নেওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কে অস্বস্তি তৈরি হয়েছে। ঢাকা আনুষ্ঠানিকভাবে তার প্রত্যর্পণ চাইলেও নয়াদিল্লি এখনো তাকে হস্তান্তর করেনি।
শেখ হাসিনা দেশে ফিরলে তার দেশত্যাগের পরিস্থিতি এবং এতে ভারতের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে পারে। অন্যদিকে তিনি ভারতে অবস্থান করতে থাকলে তাকে ফেরত পাঠানোর দাবি দুই দেশের সম্পর্কের ওপর চাপ অব্যাহত রাখবে।
এর মধ্যে ভারতীয় রাজনীতিবিদদের কিছু বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিজেপির সংসদ সদস্য নিশিকান্ত দুবে সম্প্রতি দাবি করেছেন, দেশভাগের সময় নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর ভুলবশত বাংলাদেশের অংশ হয়ে গিয়েছিল এবং ভারতের সেগুলো পুনরুদ্ধার করা উচিত।
তিনি ভারত সরকারের মুখপাত্র হিসেবে বক্তব্য দেননি। তবে এর আগে অন্য ভারতীয় রাজনীতিবিদদের কাছ থেকেও এ ধরনের মন্তব্য এসেছে। ফলে বর্তমান দ্বিপক্ষীয় টানাপোড়েনের মধ্যে তার বক্তব্যকে নিছক বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ কম। এ ধরনের মন্তব্য বাংলাদেশে ক্ষোভ বাড়ানোর পাশাপাশি জাতীয়তাবাদী অবস্থানকে আরও জোরালো করতে পারে।
পানি বণ্টন, বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতা এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও দুই দেশের সরকারের জন্য নিজ নিজ দেশের জনসমর্থন ধরে রাখা কঠিন হয়ে উঠতে পারে।
একসঙ্গে একাধিক চ্যালেঞ্জ
ডিসেম্বরের এসব সংকট আলাদাভাবে বিবেচনা করলে প্রতিটির ধরন ভিন্ন। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি আইনি ও কূটনৈতিক। সাম্প্রতিক অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ নিরাপত্তার প্রশ্ন তৈরি করেছে। অন্যদিকে বিজয়ের মাস এবং গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার বার্ষিকী সরকারের রাজনৈতিক দায়িত্ববোধ ও ইতিহাসের প্রতি অবস্থানকে সামনে আনবে।
কিন্তু বাস্তবতা হলো, এসব ঘটনা একই সময়ে ঘটতে পারে। ফলে একটি ইস্যু সামাল দিতে গিয়ে অন্যটির ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
শেখ হাসিনাকে ঘিরে কোনো সিদ্ধান্ত বা ঘোষণা এলে বিক্ষোভ শুরু হতে পারে। সেই বিক্ষোভ সহিংস রূপ নিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পদক্ষেপ নিতে পারে। এর ফলে নতুন সংঘাত তৈরি হলে রাজনৈতিক দমন-পীড়ন ও গণতান্ত্রিক স্বাধীনতা নিয়ে পুরোনো বিতর্ক আবারও সামনে চলে আসবে।
একই সময়ে ভারত থেকে আসা উসকানিমূলক বক্তব্য পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনা ও কূটনৈতিক অস্বস্তি একে অপরকে প্রভাবিত করলে সংকট সামাল দেওয়া আরও কঠিন হয়ে উঠবে।
বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তাদের প্রথম ডিসেম্বর সামনে। এ মাসে কী কী ঘটনা ঘটছে, তার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সরকার সেগুলো কীভাবে সামাল দিচ্ছে। রাজনৈতিক ভিন্নমত ও জনবিক্ষোভ সংযমের সঙ্গে মোকাবিলা করা সম্ভব হবে কি না, গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার ঘটনায় জবাবদিহি নিশ্চিত করা যাবে কি না—এসব প্রশ্নের উত্তর খুঁজবে দেশ।
বিজয়ের মাসে রাজনৈতিক নেতারা কি অন্তত একটি অভিন্ন অবস্থানে আসতে পারবেন, নাকি রাজনৈতিক হিসাব-নিকাশের স্বার্থে মুক্তিযুদ্ধের ইতিহাস আবারও বিতর্কের হাতিয়ার হবে? একইভাবে ঢাকা ও নয়াদিল্লি কি নিজেদের মতপার্থক্যকে আরও তিক্ততার দিকে ঠেলে দেওয়া থেকে বিরত রাখতে পারবে?
বাংলাদেশ এর আগেও বহু কঠিন সময় পার করেছে। তবে এবারের ডিসেম্বর একসঙ্গে দেশের রাজনৈতিক, নিরাপত্তা, গণমাধ্যম ও কূটনৈতিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতার পরীক্ষা নিতে পারে। সবচেয়ে বড় ঝুঁকি কোনো একটি ঘটনা নয়; বরং একাধিক ঘটনা পরস্পরকে উসকে দিয়ে বড় সংকট তৈরি করতে পারে।
ডিসেম্বর শেষে হয়তো স্পষ্ট হবে, গত এক বছরে বাংলাদেশ কতটা বদলেছে এবং কোন সমস্যাগুলো এখনো অমীমাংসিত রয়ে গেছে।
