মেক্সিকোতে সন্ত্রাসীদের গুলিতে মেয়র নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৯:০২ পিএম
ছবি: সংগৃহীত
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ওয়াহাকা রাজ্যে সন্ত্রাসীদের গুলিতে সান মিগেল আমাতিতলানের মেয়র জোয়েল ব্রাভো নিহত হয়েছেন। ওই অঞ্চলে মাদক চক্রগুলো মাদক পাচারপথ নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে জড়িত রয়েছে।
ওয়াহাকা রাজ্যের প্রসিকিউটরদের বিবৃতিতে বলা হয়েছে, প্রায় ৭ হাজার জনসংখ্যার শহর সান মিগেল আমাতিতলানের মেয়র জোয়েল ব্রাভো সশস্ত্র হামলায় নিহত হন। তবে ঘটনার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
রাজ্যের গভর্নর সালোমোন হারা সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া পোস্টে এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, ‘ওয়াহাকায় আমরা আইন নিজের হাতে তুলে নিতে এবং সহিংসতাকে প্রশ্রয় দেব না।’
প্রসিকিউটররা জানিয়েছে, এলাকায় পুলিশি উপস্থিতি জোরদার করা হয়েছে এবং হামলাকারীদের খুঁজে বের করতে একটি ট্যাকটিক্যাল ইউনিট মোতায়েন করা হয়েছে। এতে ফেডারেল বাহিনীর সহযোগিতাও নেওয়া হচ্ছে।
এলাকাটিতে জালিস্কো নুয়েভা জেনারাসিওন এবং সিনালোয়া কার্টেল—এই দুইটি মাদক চক্রই ওয়াহাকা রাজ্যে সক্রিয় রয়েছে। প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত এই রাজ্যটি তাদের তৎপরতার একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত।
২০০৬ সাল থেকে মেক্সিকোতে মাদক-সহিংসতা ব্যাপকভাবে বেড়ে যাওয়ার পর এখন পর্যন্ত প্রায় ১০০ জন মেয়র হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
গত বৃহস্পতিবার মেক্সিকো সিটিতে ফিফা বিশ্বকাপ শুরু হওয়ায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। স্থানীয় কর্মকর্তারা প্রায়শই সহিংসতার শিকার হন।
গত মাসে ওয়াহাকা প্রদেশের আরেকটি শহর সান্তিয়াগো আমোলতেপেকের মেয়র মারিও হার্নান্দেজ গার্সিয়া এমন এক হামলায় নিহত হন। ওই হামলায় আরও দুজন মানুষ মারা যান।
বেসরকারি সংস্থা ‘কাউসা এন কমুন’-এর সংগৃহীত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে লক্ষ্যবস্তু করে চালানো হত্যাকাণ্ডে অন্তত ৬০ জন রাজনীতিবিদ বা আইনপ্রণেতা নিহত হয়েছেন।
সূত্র: এএফপি, ডয়চে ভেলে
