শাস্তি পেলেন সাকিব, পয়েন্ট হারাল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০৬:১৮ পিএম
বাংলাদেশ দল, ছবি: সংগৃহীত
মাঠের বাইরে সময়টা মোটেই ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। এর মধ্যে আবার আইসিসির কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগে শাস্তি পেলেন সাবেক এই টাইগার অধিনায়ক।
এদিকে পিন্ডিতে টেস্ট হারের পর পাকিস্তানও শাস্তির মুখোমুখি হয়েছে। স্লো ওভার রেটের কারণে পাকিস্তানকে শাস্তি দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। শাস্তি হিসেবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বেশ কিছু পয়েন্ট হারাল তারা। একই অভিযোগে বাংলাদেশের পয়েন্টও কাটা গেছে। সেই সঙ্গে জরিমানাও গুনতে হবে শান্ত বাহিনীর।
সোমবার (২৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে আইসিসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাকিস্তানের প্রত্যেক ক্রিকেটারকে তাদের ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। একইসঙ্গে পাকিস্তানকে ৬ পয়েন্ট জরিমানা করা হয়েছে। নির্ধারিত সময়ে ৬ ওভার পিছিয়ে ছিল পাকিস্তান। অন্যদিকে ম্যাচ রেফারি রঞ্জন মাদুগলের আনা অভিযোগ অনুযায়ী, ৩ ওভার পিছিয়ে ছিল বাংলাদেশ। এজন্য বাংলাদেশকে ৩ পয়েন্ট জরিমানা করা হয়েছে। একইসঙ্গে টাইগারদের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা দিতে হবে।তবে দুই অধিনায়ক শান মাসুদ ও নাজমুল হোসেন শান্ত অভিযোগ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানি হয়নি।
আইসিসির কোড অব কন্ডাক্ট অনুযায়ী, প্রতি ওভার ধীর বোলিংয়ে পিছিয়ে থাকায় ৫ শতাংশ করে জরিমানা ও ১ পয়েন্ট করে কেটে রাখার বিধান আছে।
মোহাম্মদ রিজওয়ানের মাথার ওপর দিয়ে বল ছোঁড়ার অভিযোগে সাকিবকে শাস্তি দেওয়া হয়েছে। ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। সবমিলিয়ে ২৫ শতাংশ অর্থ জরিমানা দেবেন তিনি। একইসঙ্গে তাকে একটি ডিমেরিট পয়েন্টও দিয়েছে আইসিসি। তবে দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
