রোনালদিনিওকে জাল পাসপোর্ট দেয়া সেই নারী কারাগারে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পিএম
ব্রাজিলিয়ান সাবেক তারকা ফুটবলার রোনালদিনিও। ছবি- সংগৃহীত
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রোনালদিনিওকে জাল পাসপোর্ট সরবরাহ করার অভিযোগে অভিযুক্ত দালিয়া লোপেজকে শেষ পর্যন্ত কারাগারে পাঠিয়েছেন প্যারাগুয়ের একটি আদালত। দীর্ঘ ছয় বছর পলাতক থাকার পর গ্রেপ্তার হওয়া এই নারীকে গতকাল সোমবার শুনানি শেষে এমবোসকাডা শহরের একটি মহিলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। আদালত তাকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ আসামি হিসেবে গণ্য করেছেন।
২০২০ সালের মার্চে প্যারাগুয়েতে এক দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে চরম বিপাকে পড়েছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিও এবং তার ভাই রবার্তো ডি আসিস মোরেরা। দেশটিতে পৌঁছানোর দুই দিন পরই জাল পাসপোর্ট ও পরিচয়পত্র ব্যবহারের অভিযোগে তাদের আটক করে স্থানীয় পুলিশ। এই ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয় এবং ফুটবল দুনিয়ার এই মহানায়ককে এক মাস জেল খাটতে হয়। এরপর প্রায় ১৬ লাখ ডলার মুচলেকা দিয়ে দীর্ঘ চার মাস একটি হোটেলে গৃহবন্দী থাকার পর মুক্তি পান দুই ভাই।
রোনালদিনিওদের সেই বিপদে ফেলার নেপথ্য কারিগর হিসেবে দালিয়া লোপেজকে চিহ্নিত করেছিলেন তদন্তকারীরা। ৫৫ বছর বয়সী এই নারী একটি শক্তিশালী অপরাধী চক্রের সঙ্গে জড়িত বলে প্রসিকিউটরদের দাবি। গত ২ এপ্রিল রাজধানী আসুনসিওন থেকে তাকে গ্রেপ্তারের মাধ্যমে দীর্ঘ ছয় বছরের লুকোচুরি শেষ হয়। এই জালিয়াতির ঘটনায় এখন পর্যন্ত দালিয়াসহ মোট ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
তবে এই রহস্যের একটি অদ্ভুত দিক আজও অমীমাংসিত। প্যারাগুয়ে ও ব্রাজিলের দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী, ব্রাজিলিয়ান নাগরিকদের প্যারাগুয়েতে প্রবেশে কোনো পাসপোর্টের প্রয়োজন হয় না, কেবল জাতীয় পরিচয়পত্রই যথেষ্ট। এমন পরিস্থিতিতে রোনালদিনিওরা কেন বা কার প্ররোচনায় জাল পাসপোর্ট ব্যবহার করতে রাজি হয়েছিলেন, সেই রহস্যের জট দালিয়া লোপেজকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে খুলতে পারে বলে আশা করা হচ্ছে। আপাতত এমবোসকাডার অন্ধকার প্রকোষ্ঠই হয়েছে এই বিতর্কিত নারীর ঠিকানা।
