আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চায় পাকিস্তান, আলোচনা শুরু
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পিএম
আর্জেন্টিনা জাতীয় দলের বিপক্ষে একটি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে পাকিস্তান, যদিও আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে আছে। ছবি- সংগৃহীত
আন্তর্জাতিক ফুটবলে নিজেদের মান বাড়াতে ও বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান জানান দিতে এক অভাবনীয় উদ্যোগ নিয়েছে পাকিস্তান। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ আয়োজনের লক্ষে দেশটির ফুটবল ফেডারেশনের (পিএফএফ) সাথে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রাথমিক আলোচনা শুরু হয়েছে।
সূত্রমতে, সম্প্রতি পিএফএফ এবং এএফএ-র মধ্যে একটি উচ্চপর্যায়ের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রস্তাবিত প্রীতি ম্যাচটি ছাড়াও আর্জেন্টিনার কারিগরি সহায়তা, কোচিং উন্নয়ন এবং টেকনিক্যাল ট্রেনিং প্রোগ্রামের মতো বিষয়গুলোও প্রাধান্য পেয়েছে। এমনকি আর্জেন্টিনার অভিজ্ঞ কোচদের পাকিস্তানে এনে দীর্ঘমেয়াদে কাজ করানোর বিষয়েও আগ্রহ দেখিয়েছে উভয় পক্ষ।
প্রস্তাবিত এই ম্যাচটি বাস্তবায়ন হলে তা আগামী ফিফা বিশ্বকাপের পর আয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি; বর্তমানে দুই দেশের ফেডারেশন লজিস্টিক ও কারিগরি দিকগুলো গভীরভাবে পর্যালোচনা করছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে থাকায় আনুষ্ঠানিক ঘোষণার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
পিএফএফ সভাপতি মহসিন গিলানির নেতৃত্বে পাকিস্তান সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ফুটবলে নিয়মিত হওয়ার চেষ্টা চালাচ্ছে। বিশেষ করে আর্জেন্টিনার মতো বিশ্বসেরা দলের বিপক্ষে মাঠে নামার সুযোগ পেলে তা পাকিস্তানের ফুটবল ইতিহাসে এক নতুন দিগন্তের উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আর্জেন্টিনায় নিযুক্ত পাকিস্তান দূতাবাস এই উদ্যোগকে এগিয়ে নিতে সক্রিয় ভূমিকা পালন করছে। দূতাবাস সূত্রে জানা গেছে, 'এএফএ পাকিস্তান' উদ্যোগের আওতায় দুই ফেডারেশনের মধ্যে ফলপ্রসূ সম্পর্ক তৈরিতে তারা মধ্যস্থতা করছে। এই বৈঠকে পাকিস্তানের রাষ্ট্রদূত হাসান আফজাল খান, পিএফএফ সভাপতি মহসিন গিলানি এবং এএফএ-র মার্কেটিং পরিচালক ফ্রান্সিসকো লেম্মি উপস্থিত ছিলেন। দীর্ঘমেয়াদি সহযোগিতার মাধ্যমে পাকিস্তানের ফুটবল কাঠামোকে ঢেলে সাজানোর ব্যাপারেও দুই পক্ষই ইতিবাচক সাড়া দিয়েছে।
