রাশিয়ায় বিমান বিধ্বস্তে ১৭ আরোহীর সবাই নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩০ এএম
ছবি: সংগৃহীত
রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে ১৭ আরোহী নিয়ে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা সবার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে বিধ্বস্ত বিমানটি রুশ সামরিক বাহিনীর এএন-১২ মডেলের বলে শনাক্ত করা হয়েছে। উড্ডয়নকালে বিমানটিতে আগুন ধরে যাওয়ার পর এটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে বিস্ফোরিত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) কেমেরোভোর আঞ্চলিক রাজধানীর দক্ষিণে ইয়াগুনোভো গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। রাশিয়ার সংবাদমাধ্যম ইজভেস্তিয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য কাস্পিয়ান পোস্ট।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটিতে আগুন ধরে যায়। একপর্যায়ে এটি দ্রুত নিচের দিকে নামতে থাকে। পরে মাটিতে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়।
কেমেরোভোর গভর্নর ইলিয়া সেরেদিউক সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ইয়াগুনোভো এলাকায় একটি বিমান দুর্ঘটনার খবর নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে জরুরি সেবা সংস্থার কর্মীরা উদ্ধার ও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছেন।
গভর্নর আরও বলেন, দুর্ঘটনার পর আঞ্চলিক প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং দুর্ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে।
পরবর্তী সময়ে প্রকাশিত এক ভিডিও বার্তায় ইলিয়া সেরেদিউক জানান, দুর্ঘটনার আগে বিমানটি কেমেরোভো অঞ্চলের আকাশসীমা দিয়ে উড়ে যাচ্ছিল।
এদিকে, এ দুর্ঘটনার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। বিমানটির বিধ্বস্ত হওয়ার প্রকৃত কারণ এবং নিহত ১৭ আরোহীর পরিচয় সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
