চোটের কারণে ছিটকে গেলেন আলভারেজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ মে ২০২৬, ০৭:২২ পিএম
হুলিয়ান আলভারেজ। ছবি- সংগৃহীত
চোটের কারণে ভ্যালেন্সিয়ার বিপক্ষে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাথলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ খেলতে পারছেন না। শনিবার (২ মে) অ্যাথলেতিকো কোচ দিয়েগো সিমিওনে নিশ্চিত করেছেন যে, চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালের বিপক্ষে গোল করার পরই এই তারকা স্ট্রাইকার চোটে পড়েন।
আগামী বুধবার এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। সেই ম্যাচে আলভারেজের অংশগ্রহণ নিয়ে এখনো সংশয় কাটেনি। আলভারেজ ছাড়াও ইনজুরি ও অন্যান্য কারণে অ্যাথলেতিকোর স্কোয়াডে থাকছেন না আলেক্সান্ডার সরলথ, গিউলিয়ানো সিমিওনে, পাবলো ব্যারিওস এবং হোসে মারিয়া হিমিনেজের মতো নিয়মিত ফুটবলাররা।
লা লিগার টেবিলে বর্তমানে চতুর্থ স্থানে থাকা অ্যাথলেতিকো মাদ্রিদ তিনে থাকা ভিয়ারিয়ালের চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে রয়েছে। চ্যাম্পিয়নস লিগ নিয়ে জল্পনা থাকলেও আপাতত লিগের লড়াইয়েই মনোযোগ দিচ্ছেন কোচ সিমিওনে। তিনি বলেন,'আমরা শুধু রোববারের ম্যাচ নিয়েই ভাবছি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সামনে থাকা ভিয়ারিয়ালকে ধরার চেষ্টা করতে হবে।'
অন্যদিকে, অ্যাথলেতিকোর প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া লা লিগার ১২তম স্থানে রয়েছে। অবনমন অঞ্চল থেকে ৫ পয়েন্ট এগিয়ে থাকা দলটি সর্বশেষ ম্যাচে জিরোনাকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছে। বড় তারকাদের অনুপস্থিতিতে অ্যাথলেতিকো মাদ্রিদ এই বাধা টপকে লিগ টেবিলে নিজেদের অবস্থান মজবুত করতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।
