পাকিস্তান সিরিজে নতুন কোচ পাচ্ছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৯:১৫ পিএম
আশিকুর রহমান মজুমদার। ছবি- সংগৃহীত
পাকিস্তান সিরিজের ঠিক আগে ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টের ইনজুরিতে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, প্যামেন্টের কোমরের চোট গুরুতর হওয়ায় এই সিরিজে অন্তর্বর্তীকালীন ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন আশিকুর রহমান মজুমদার। প্যামেন্ট বর্তমানে চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন।
আশিকুর রহমান মজুমদার প্রথমবারের মতো জাতীয় দলের কোচিং প্যানেলে ডাক পেলেন। ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন দলে কোচিং করানোর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। সর্বশেষ বিপিএলে তিনি ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। টুর্নামেন্টের মাঝামাঝি সময়ে প্রধান কোচ মাহবুব আলী জাকির মৃত্যুর পর তিনি দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান। এবার জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে কাজের সুযোগ পেলেন তিনি।
সিরিজের প্রথম টেস্ট আগামী ৮ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। এরপর ১৬ মে দুই দল দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে সিলেটে যাবে। এই সিরিজটি সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে টাইগাররা।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মুমিনুল হক সৌরভ, তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, নাঈম হাসান, শরীফুল ইসলাম, অমিত হাসান, ইবাদত হোসেন।
