রোনালদো নন, ফরাসি তারকার চোখে পর্তুগালের সেরা ব্রুনো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৬:২৯ পিএম
ছবি- সংগৃহীত
বিশ্বকাপ ফুটবল শুরু হতে বাকি আর মাত্র ১৭ দিন। মাঠের লড়াই শুরুর আগেই এই মহাযজ্ঞ নিয়ে ফুটবলপ্রেমী ও খেলোয়াড়দের মাঝে আলোচনা-উত্তেজনা তুঙ্গে। এর মধ্যেই নতুন এক বিতর্ক উসকে দিলেন বায়ার্ন মিউনিখের ফরাসি উইঙ্গার মাইকেল ওলিসে। বিভিন্ন দেশের বর্তমান সেরা ফুটবলার বেছে নিতে গিয়ে পর্তুগালের সেরা হিসেবে তিনি ক্রিস্তিয়ানো রোনালদোকে বাদ দিয়েছেন। ওলিসের এই অপ্রত্যাশিত পছন্দ নিয়ে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল শোরগোল পড়ে গেছে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের ২৩তম আসর। এই টুর্নামেন্টকে সামনে রেখে ‘বায়ার্ন মিউনিখ ই-স্পোর্টস’ ২৪ বছর বয়সী ওলিসেকে ছয়টি ভিন্ন দেশের বর্তমান সেরা খেলোয়াড় বেছে নেওয়ার অনুরোধ করেছিল। সেখানে ওলিসে তার বায়ার্ন সতীর্থ হ্যারি কেইনকে ইংল্যান্ডের এবং জশুয়া কিমিখকে জার্মানির সেরা হিসেবে বেছে নেন। ব্রাজিলের বর্তমান স্কোয়াড থেকে নির্দিষ্ট কারও নাম বলতে না পারলেও, স্পেনের জন্য তরুণ তুর্কি লামিন ইয়ামাল এবং আর্জেন্টিনার জন্য লিওনেল মেসিকে বেছে নিতে বিন্দুমাত্র দ্বিধা করেননি ফরাসি এই তারকা।
তবে বিপত্তি বেঁধেছে পর্তুগালের সেরা খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে। সবাইকে চমকে দিয়ে ওলিসে সেখানে আন্তর্জাতিক ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্তিয়ানো রোনালদোর নাম নেননি। ‘সিআরসেভেনের’ বদলে তিনি বেছে নিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেসকে। রোনালদোর ভক্তরা ওলিসের এই পছন্দকে ‘পাগলামি’ বলে আখ্যা দিলেও, ওলিসের দাবি—রোনালদো নন, পর্তুগাল দলের আসল ‘নিউক্লিয়াস’ হলেন ব্রুনো।
রবার্তো মার্তিনেসের পর্তুগাল দল অবশ্য এবার একঝাঁক প্রতিভাবান তারকায় ঠাসা। ব্রুনো ও রোনালদোর পাশাপাশি সেখানে আছেন বার্নার্দো সিলভা এবং রাফায়েল লিয়াওয়ের মতো ম্যাচ উইনাররা। এই দল নিয়ে পর্তুগিজ ফুটবলপ্রেমীরা এবার নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো সোনালী ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন। সবাই চান ২০০৩ সালের আগস্টে অভিষেকের পর দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে আল নাসর মহাতারকা রোনালদোর অধরা বিশ্বজয়ের স্বপ্নটি এবার সত্যি হোক।
এবারের বিশ্বকাপে ‘গ্রুপ কে’-তে থাকা পর্তুগাল তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে আগামী ১৭ জুন, বুধবার; প্রতিপক্ষ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। এরপর ২৩ জুন তারা মুখোমুখি হবে উজবেকিস্তানের এবং ২৭ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে লড়বে মার্তিনেসের দল।
