×

খেলা

মেসিসহ ৭ তারকাকে নিয়ে দুশ্চিন্তায় আর্জেন্টিনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৮:৫৮ পিএম

মেসিসহ ৭ তারকাকে নিয়ে দুশ্চিন্তায় আর্জেন্টিনা

ছবি- সংগৃহীত

ফিফা বিশ্বকাপ শুরু হতে আর দুই সপ্তাহের একটু বেশি সময় বাকি। এমন সময়ে ফুটবলবিশ্বের আগ্রহের কেন্দ্রে লিওনেল মেসির চোট। তবে শুধু মেসিকে নিয়েই নয়, আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিকে ভাবিয়ে তুলছে দলের চোটাক্রান্ত খেলোয়াড়দের এক লম্বা তালিকা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিশ্বকাপ দল চূড়ান্ত করার আগে খেলোয়াড়দের এই চোটের মিছিল কোচের কপালে বড় চিন্তার ভাঁজ ফেলেছে।

কোচ স্কালোনি জানিয়েছেন, মেসির হ্যামস্ট্রিংয়ের সমস্যাটি খুব একটা ‘গুরুতর’ নয়। ফলে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে তার কোনো বাধা থাকবে না। তবে বুয়েনস এইরেসের প্রাক-টুর্নামেন্ট ট্রেনিং ক্যাম্পে আর্জেন্টিনা অধিনায়ককে শুরু থেকে পুরোপুরি ফিট অবস্থায় পাওয়া যাবে না। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচেই মেসিকে মাঠে পেতে আশাবাদী কোচ।

আর্জেন্টিনা শিবিরে চোটের তালিকাটি বেশ দীর্ঘ। গত সপ্তাহে ইউরোপা লিগের ফাইনালের আগে ওয়ার্মআপের সময় অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের অনামিকা আঙুলের হাড়ে ফাটল ধরেছে। অবশ্য চোট নিয়েই ফ্রেইবুর্গের বিপক্ষে খেলেছিলেন ‘দিবু’। এ ছাড়া টটেনহাম ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো ডান হাঁটুর লিগামেন্টের চোট থেকে সেরে ওঠার লড়াই করছেন।

পেশির চোটে ভুগছেন দুই রাইট ব্যাক আতলেতিকো মাদ্রিদের নাহুয়েল মলিনা ও রিভার প্লেটের গঞ্জালো মন্তিয়েল। হাঁটুর চোটের কারণে কোমো মিডফিল্ডার নিকো পাজ ক্লাবের শেষ ম্যাচে খেলতে পারেননি। আর আতলেতিকো উইঙ্গার নিকোলাস গঞ্জালেজ পেশি ছিঁড়ে যাওয়ার পর এখন সেরে ওঠার শেষ পর্যায়ে আছেন।

স্কালোনি জানিয়েছেন, চূড়ান্ত স্কোয়াড ঘোষণার শেষ দিন ২ জুন পর্যন্ত চোটাক্রান্ত সব খেলোয়াড়কে পর্যবেক্ষণে রাখা হবে। মেসিসহ এই চোটাক্রান্ত ফুটবলারদের বিশ্বকাপের আগের প্রস্তুতি ম্যাচগুলোতে পাওয়া যাবে না। আগামী ৬ ও ৯ জুন হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা।

বাস্তবতা মেনে নিয়ে স্কালোনি বলেন, ‘আমরা সবাই চাই মেসি পুরোপুরি ফিট হয়ে স্কোয়াডে যোগ দিক। কিন্তু শুধু মেসির একার সমস্যা নয়; আমাদের অনেক খেলোয়াড়ই চোট থেকে পুরোপুরি সেরে ওঠেনি। এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য হলো সবার রিহ্যাব প্রক্রিয়া ঠিকঠাক চালানো, যেন বিশ্বকাপের আগে তারা সেরা ছন্দে ফিরতে পারে।’

বিশ্বকাপের সময় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ঘাঁটি গাড়বে কানসাস সিটির স্পোর্টিং কেসিতে। আগামী ১ জুন দল নিয়ে সেখানে রওনা হবেন কোচ লিওনেল স্কালোনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেসিসহ ৭ তারকাকে নিয়ে দুশ্চিন্তায় আর্জেন্টিনা

মেসিসহ ৭ তারকাকে নিয়ে দুশ্চিন্তায় আর্জেন্টিনা

ভারতে সরকারি চাকরিজীবীদের বেতন ৪০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব

ভারতে সরকারি চাকরিজীবীদের বেতন ৪০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব

যমুনা সেতুতে এক দিনে প্রায় ৪ কোটি টাকার টোল আদায়

যমুনা সেতুতে এক দিনে প্রায় ৪ কোটি টাকার টোল আদায়

ভারতের বিপক্ষে আফগানদের টেস্ট ও ওয়ানডে স্কোয়াডে আছেন যারা

ভারতের বিপক্ষে আফগানদের টেস্ট ও ওয়ানডে স্কোয়াডে আছেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App