যমজ ভাইকে নিয়ে নেদারল্যান্ডসের শক্তিশালী বিশ্বকাপ দল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৯:৫৭ পিএম
ছবি- সংগৃহীত
বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসরকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে তিনবারের রানার্সআপ নেদারল্যান্ডস। ডাচদের শিরোপা খরা কাটানোর মিশন নিয়ে আজ বুধবার (২৭ মে) এই দল ঘোষণা করেন কোচ রোনাল্ড কোম্যান। এবারের আসরে ‘এফ’ গ্রুপে খেলবে ডাচরা। বরাবরের মতো এবারও রক্ষণভাগকে মূল শক্তি মেনেই দল সাজিয়েছেন কোম্যান।
কোচ কোম্যানের ঘোষিত দলে জায়গা পেয়েছেন প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা থাকা তিন গোলরক্ষক। বায়ার লেভারকুসেনের মার্ক ফ্লেকেন ও সান্ডারল্যান্ডের রবিন রুফসের পাশাপাশি দলে আছেন ব্রাইটনের বার্ট ভারব্রুগেন। দেশের হয়ে ২৭ ম্যাচ খেলা ভারব্রুগেনই দলের মূল গোলকিপার হিসেবে খেলবেন বলে ধারণা করা হচ্ছে।
নেদারল্যান্ডসের আসল শক্তি মূলত তাদের বিশ্বমানের ডিফেন্স লাইন। রক্ষণভাগের নেতৃত্বে থাকবেন প্রিমিয়ার লিগের অন্যতম সেরা সেন্টার-ব্যাক ভার্জিল ফন ডাইক। বিশ্বকাপ জয়ের জন্য সম্ভবত এটিই হতে যাচ্ছে ডাচ অধিনায়কের শেষ চেষ্টা। তার সঙ্গী হিসেবে স্কোয়াডে আছেন ম্যানচেস্টার সিটির নাথান আকে, আর্সেনালের জুরিয়েন টিম্বার, টটেনহ্যামের মিকি ভ্যান ডি ভেন এবং ব্রাইটনের জান পল ভ্যান হেক।
আক্রমণাত্মক রাইট-ব্যাক ডেনজেল ডামফ্রিস ও চেলসির প্রতিভাবান তরুণ জোরেল হাটো দলে থাকলেও, চোটের কারণে জায়গা পাননি ম্যানচেস্টার ইউনাইটেডের মাতাইস ডি লিখট। পিঠের চোটের কারণে ২৬ বছর বয়সী এই ডিফেন্ডার গত নভেম্বর থেকে মাঠের বাইরে। এ ছাড়া বাদ পড়েছেন লিভারপুলের জেরেমি ফ্রিম্পং।
বার্সেলোনাকে লা লিগা জেতাতে বড় ভূমিকা রাখা ফ্রেঙ্কি ডি ইয়ং থাকছেন ডাচ মিডফিল্ডের চালিকাশক্তি হিসেবে। তার সঙ্গে শুরুর একাদশে দেখা যেতে পারে ম্যানচেস্টার সিটির তিজানি রেইন্ডার্স এবং লিভারপুলের রায়ান গ্রাভেনবার্চকে। সিরি আ থেকে ডাক পেয়েছেন জুভেন্টাসের তিউন কুপমেইনার্স ও আতালান্তার মার্টেন ডি রুন। স্কোয়াডে আরও আছেন কুইন্টেন টিম্বার, ম্যাটস উইফার এবং গুস তিল। তবে গত এপ্রিলে এসিএল চোটে পড়ায় দল থেকে ছিটকে গেছেন তারকা মিডফিল্ডার জাভি সিমন্স।
রক্ষণ ও মাঝমাঠের তুলনায় ডাচদের আক্রমণভাগে তারকার গভীরতা কিছুটা কম। তবে সেখানে বড় ভরসা দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মেমফিস ডিপাই। ব্রাজিলের ক্লাব করিন্থিয়ানসের হয়ে খেলা ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড দেশের জার্সিতে ৫৫টি গোল করেছেন। শতভাগ ফিট থাকলে মেমফিসের সঙ্গে শুরুর একাদশে থাকবেন লিভারপুলের কোডি গাকপো।
আন্তর্জাতিক ফুটবলে ৪৮ ম্যাচে ১৯ গোল করা এই স্ট্রাইকারের ওপর কোচের আস্থা প্রবল। এ ছাড়া ফরোয়ার্ড লাইনে কোম্যানের অন্য বিকল্পগুলো হলেন—ব্রায়ান ব্রবি, ক্রিসেনসিও সামারভিল, জাস্টিন ক্লাইভার্ট, ভাউট ভেগহোর্স্ট, ডনিয়েল মালেন এবং নোয়া লাং।
নেদারল্যান্ডসের ২৬ সদস্যের দল:
গোলরক্ষক: মার্ক ফ্লেকেন, রবিন রুফস, বার্ট ভারব্রুগেন
ডিফেন্ডার: নাথান অকে, ভার্জিল ফন ডাইক, ডেনজেল ডামফ্রিস, জোরেল হাটো, জান পল ভ্যান হেক, মিকি ভ্যান ডি ভেন, জুরিয়েন টিম্বার
মিডফিল্ডার: ফ্রেঙ্কি ডি ইয়ং, রায়ান গ্রাভেনবার্চ, তিউন কুপমেইনার্স, তিজানি রেইন্ডার্স, মার্টেন ডি রুন, গুস তিল, কুইন্টেন টিম্বার, ম্যাটস উইফার
ফরোয়ার্ড : ব্রায়ান ব্রবি, মেমফিস ডিপাই, কোডি গাকপো, জাস্টিন ক্লাইভার্ট, নোয়া লাং, ডনিয়েল মালেন, ক্রিসেনসিও সামারভিল, ভাউট ভেগহোর্স্ট
