মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৩:০৭ পিএম
ছবি- সংগৃহীত
আরেকটি বিশ্বকাপ, আরেকটি ইতিহাস ছোঁয়ার অপেক্ষা। প্রত্যাশিতভাবেই লিওনেল মেসির কাঁধে চড়ে শিরোপা ধরে রাখার মিশনে নামছে আর্জেন্টিনা। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। ৩৮ বছর বয়সী ইন্টার মায়ামি ফরোয়ার্ড মেসির জন্য এটি হতে যাচ্ছে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ।
কাতার বিশ্বকাপের স্মৃতি ধরে রেখে এবারের স্কোয়াডে পুরোনো ১৭ জন তারকাকে ফিরিয়েছেন স্কালোনি। গোলপোস্টের নিচে সেই পরিচিত মুখ এমিলিয়ানো মার্টিনেজ। রক্ষণ ও মাঝমাঠ সামলাতে থাকছেন নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ। আর আক্রমণের গুরুদায়িত্ব থাকছে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজের ওপর।
গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত অবসর ভেঙে ফেরানো হয়নি গত কোপা আমেরিকার ফাইনালের মহানায়ক অ্যাঞ্জেল ডি মারিয়াকে। ২০২৪ সালের সেই টুর্নামেন্টের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন তিনি। তবে কপাল খুলেছে মিডফিল্ডার জিওভানি লো সেলসোর। গতবার ইনজুরির জন্য ছিটকে গেলেও এবার ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছেন তিনি। এর আগে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে স্কোয়াডে থাকলেও মাঠে নামা হয়নি তার।
ভবিষ্যতের কথা মাথায় রেখে দলে বেশ কিছু তরুণ প্রতিভাকে জায়গা দিয়েছেন স্কালোনি। প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট পেয়েছেন ভ্যালেন্তিন বার্কো, নিকোলাস পাজ, জিউলিয়ানো সিমিওনে, জোসে মানুয়েল লোপেজ ও থিয়াগো আলমাদা।
তবে ফিটনেস জটিলতায় কপাল পুড়েছে কাতার বিশ্বকাপের অন্যতম নায়ক মার্কোস আকুনার। এছাড়া সাম্প্রতিক সময়ে আলোচনায় থাকলেও দলে জায়গা পাননি রিয়াল মাদ্রিদের উদীয়মান তারকা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, বোর্নমাউথ ডিফেন্ডার মার্কোস সেনেসি ও অ্যাস্টন ভিলা মিডফিল্ডার এমিলিয়ানো বুয়েন্দিয়া।
বিশ্বকাপে 'জে' গ্রুপে খেলবে আলবিসেলেস্তেরা। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের শিরোপা ধরে রাখার মিশন। গ্রুপ পর্বে আর্জেন্টিনার পরের দুটি ম্যাচ জর্ডান ও অস্ট্রিয়ার বিপক্ষে।
আর্জেন্টিনার ২৬ জনের স্কোয়াড
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো;
ডিফেন্ডার: লিওনার্দো বালের্দি, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা ও নাহুয়েল মলিনা;
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, ভ্যালেন্টিন বার্কো, জিওভানি লো সেলসো, এক্সেকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ;
ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, হোসে ম্যানুয়েল লোপেজ ও লাউতারো মার্টিনেজ।
