হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৭:৩৪ পিএম
ছবি- সংগৃহীত
আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হেরে গেছে বাংলাদেশ দল। নিগার সুলতানা জ্যোতির দল আইরিশদের বিপক্ষে লড়াই করেও ১১ রানে হেরে মাঠ ছেড়েছে। শুরুতে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডের নারী দল ১৪৩ রান সংগ্রহ করে। জবাবে নির্ধারিত ওভারে ১৩২ রানেই থমকে যায় বাংলাদেশের ইনিংস।
১৪৪ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই কোনো রান না করে সাজঘরে ফিরে যান ওপেনার দিলারা আক্তার। তবে প্রাথমিক সেই বিপর্যয় সামাল দেন অন্য ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ও শারমিন আক্তার। দ্বিতীয় উইকেটে এই দুজন গড়েন ৭৭ রানের এক চমৎকার জুটি। এই জুটির পথ ধরেই ব্যক্তিগত অর্ধশতক (ফিফটি) তুলে নেন জুয়াইরিয়া। তবে ৩৮ বলে ৫০ রান করে তিনি আউট হওয়ার পর বাংলাদেশের ইনিংসে আবার ছন্দপতন ঘটে। অন্য প্রান্তে ধীরগতির ব্যাটিং করা শারমিন ৪০ বল খেলে মাত্র ২৭ রান করে বিদায় নেন।
শীর্ষ সারির এই দুই ব্যাটারের বিদায়ের পর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও স্বর্ণা আক্তার দলের হাল ধরার চেষ্টা করেন। তবে রান ও বলের ব্যবধান বাড়তে থাকায় কেউই দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি। শেষ পর্যন্ত জ্যোতি ১৯ ও স্বর্ণা ১২ রান করে আউট হন। মিডল ও লোয়ার অর্ডারের বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে না পারলে জয় থেকে ১২ রান দূরে থাকতেই শেষ হয় বাংলাদেশের লড়াই।
এর আগে ম্যাচের শুরুতে টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি আইরিশদের। ডাচ বোলারদের তোপে প্রথম চার ওভারের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে তারা। ওপেনার অ্যামি হান্টার ১৯ রান করলেও খাতা খোলার আগেই বিদায় নেন আলানা ডালজেল।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে আসা-যাওয়ার মিছিলে থাকা আইরিশ ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩০ রান করেন মিডল অর্ডারের রেবেকা স্টোকেল। তবে আয়ারল্যান্ডকে লড়াই করার মতো পুঁজি এনে দেন ১১ নম্বরে ব্যাট করতে নামা আভা ক্যানিন। ইনিংসের শেষ দিকে মাত্র ৮ বলে ২১ রানের এক টর্নেডো ইনিংস খেলেন তিনি। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আয়ারল্যান্ডের বাকি ব্যাটারদের কেউই ২০ রানের কোটা পার করতে পারেননি।
