সকালে মাঠে মানছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:২৫ পিএম
ছবি- সংগৃহীত
আর মাত্র কিছুদিনের অপেক্ষা। এরপরই উত্তর আমেরিকায় শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে মূল আসরের মাঠের লড়াইয়ে নামার আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে আলবিসেলেস্তেরা। শেষ মুহূর্তের এই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ সময় আগামীকাল বুধবার (১০ জুন) সকাল ৭টায় আইসল্যান্ডের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। যুক্তরাষ্ট্রের আলাবামার অবার্ন শহরের জর্ডান-হেয়ার স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসী আর্জেন্টিনা। এরপর বিশ্বকাপের গ্রুপ পর্বে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। ফলে বিশ্বমঞ্চের মূল লড়াইয়ে নামার আগে দলের কৌশল ও খেলোয়াড়দের ফর্ম চূড়ান্তভাবে ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ হিসেবে এই ম্যাচটিকে দেখছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।
অন্য দিকে, আইসল্যান্ড এবারের ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিতে না পারলেও আর্জেন্টিনার মতো পরাশক্তির বিপক্ষে এই ম্যাচটিকে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনার বড় অংশ হিসেবে দেখছে। কোচ আরনার গুন্নলাউগসনের অধীনে দলটি বর্তমানে রক্ষণাত্মক ফুটবলের পাশাপাশি দ্রুত পাল্টা আক্রমণের (কাউন্টার অ্যাটাক) কৌশলে খেলছে। ফলে দুই দলের এই লড়াইটি বেশ জমজমাট ও হাইভোল্টেজ হওয়ার আভাস পাওয়া যাচ্ছে।
ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত মাত্র একবারই মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও আইসল্যান্ড। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচেই আর্জেন্টিনাকে ১-১ গোলে রুখে দিয়ে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল আইসল্যান্ড। তবে সেই পুরোনো ক্ষতের দিনে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস এবং বর্তমান ফর্মের বিচারে বেশ সুবিধাজনক অবস্থানে থেকেই মাঠে নামবে লিওনেল মেসির দল।
ফুটবলপ্রেমীদের জন্য সুখবর হলো, বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা ও আইসল্যান্ডের এই প্রস্তুতি ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে আন্তর্জাতিক ক্রীড়া চ্যানেল ইএসপিএন এবং ইএসপিএন ডিপোর্তেস। এ ছাড়া ডিজিটাল প্ল্যাটফর্ম ওয়াচ ইএসপিএন, ফুবো টিভি, স্লিং টিভি, ফানাতিজ ও ভিক্স-এ ম্যাচটি সরাসরি উপভোগ করা যাবে।
