বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১১:২২ পিএম
অজি অধিনায়ক জশ ইংলিশ। ছবি- ইএসপিএন ক্রিকইনফো
সিরিজের বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে ডিএলএস পদ্ধতিতে ৮৬ রানের বড় ব্যবধানে হেরে হতাশ অস্ট্রেলিয়া শিবির। ম্যাচ শেষে হারের ময়নাতদন্ত করতে গিয়ে অজিদের অধিনায়ক জশ ইংলিশ জানিয়েছেন, ফিল্ডিংয়ে ৪-৫টি ক্যাচ মিস এবং রান তাড়া করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারানোই তাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (৯ জুন) টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৪ রানের শক্তিশালী পুঁজি গড়ে বাংলাদেশ। জবাবে ৪২ দশমিক ২ ওভারে ৯ উইকেটে ১৯১ রান তোলে অস্ট্রেলিয়া। এরপর বৃষ্টি ও বজ্রপাতের কারণে আর খেলা সম্ভব না হলে বৃষ্টি আইনে বড় জয় পায় স্বাগতিকরা।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের হতাশা প্রকাশ করে অজি অধিনায়ক জশ ইংলিশ বলেন,'আমাদের পারফরম্যান্সের বিচারে এটি খুবই হতাশাজনক একটি ম্যাচ ছিল। আমরা মাঠের লড়াইয়ে সম্ভবত চার থেকে পাঁচটি ক্যাচ মিস করেছি।
বাংলাদেশের স্কোর যদি ২৮৪ না হয়ে ২৩০ বা ২৪০ রানের মধ্যে থাকত, তাহলে আমি মনে করতাম এই রান অনায়াসেই তাড়া করা সম্ভব। কিন্তু সামগ্রিকভাবে আজ আমাদের জন্য একটা চরম হতাশাজনক দিন ছিল।'
রান তাড়া করার পরিকল্পনা ও ব্যর্থতা নিয়ে ইংলিশ আরও বলেন,'আমাদের পরিকল্পনা ছিল উইকেট বাঁচিয়ে শুধু স্বাভাবিক ক্রিকেটীয় শট খেলে যাওয়া। আমার মনে হয়েছে মিরপুরের উইকেটটি ব্যাটিংয়ের জন্য বেশ ভালো ছিল। কিন্তু ইনিংসের শুরুতেই দ্রুত দুটি উইকেট হারিয়ে ফেলা আমাদের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। এরপর ইনিংসের বিভিন্ন সময়ে আমাদের কয়েকজন ব্যাটার উইকেটে সেট হয়েছিল ঠিকই, কিন্তু কেউই সেটিকে বড় ইনিংসে রূপ দিতে পারেনি। আমাদের ইনিংসে আজ কোনো বড় জুটিও হয়নি, যা আমাদের লক্ষ্যের কাছাকাছি নিয়ে যেতে পারত।'
দলের এমন ব্যাটিং ও ফিল্ডিং বিপর্যয়ের দিনেও বল হাতে আলো ছড়ানো সতীর্থ নাথান এলিসের ভূয়সী প্রশংসা করেছেন অস্ট্রেলীয় অধিনায়ক। ৩ উইকেট নেওয়া এলিসকে নিয়ে তিনি বলেন,'আমি মনে করি নাথান আজ আবারও অসাধারণ বোলিং করেছে। ম্যাচের তিনটি বিভাগেই ও খুব ভালো পারফর্ম করেছে। ও নিজের বোলিং ভ্যারিয়েশনগুলো দারুণভাবে ব্যবহার করেছে এবং ফিল্ড সেটিংও খুব ভালোভাবে ম্যানেজ করেছে। ব্যক্তিগতভাবে ওর দিনটা সত্যিই ভালো গেছে।'
