পেঁয়াজ এখন কৃষকের গলার কাঁটা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পিএম
ছবি : সংগৃহীত
পাবনার সাঁথিয়ায় এ বছর পেঁয়াজের বাম্পার ফলন হলেও বাজারে দাম কমে বিপাকে পড়েছেন কৃষক ও মজুত ব্যবসায়ীরা। লাভের আশায় পেঁয়াজ সংরক্ষণ করে এখন লোকসানের মুখে পড়েছেন তাঁরা। উৎপাদন খরচের চেয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে পেঁয়াজ। এর ওপর সংরক্ষণ করতে গিয়ে পচে ও শুকিয়ে ওজন কমে যাওয়ায় ক্ষতির পরিমাণ আরও বাড়ছে।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনুকূল আবহাওয়ার কারণে এবার পেঁয়াজের ফলন ভালো হয়েছে। প্রতি বিঘায় দেশি পেঁয়াজের ফলন হয়েছে ৭০ থেকে ৮০ মণ। অন্যদিকে, হাইব্রিড জাতের সুখসাগর পেঁয়াজের ফলন হয়েছে ১০০ থেকে ১২০ মণ পর্যন্ত। তবে উৎপাদন বাড়লেও বাজারে দাম না থাকায় কৃষকদের মুখে হাসি নেই। বিশেষ করে হাইব্রিড জাতের পেঁয়াজ দেশি জাতের তুলনায় দ্রুত পচে যাওয়ায় লোকসানের ঝুঁকি বেশি।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, দেশের পেঁয়াজের ভান্ডার হিসেবে পরিচিত সাঁথিয়ায় গত মৌসুমে ১৬ হাজার ৬৫০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৩৬ হাজার ৭৫৬ টন। তবে উৎপাদন হয়েছে ২ লাখ ৬১ হাজার ৬৪৭ টন।
কৃষি কর্মকর্তা ও কৃষকদের হিসাব অনুযায়ী, এবার প্রতি মণ পেঁয়াজ উৎপাদনে খরচ হয়েছে প্রায় দেড় হাজার টাকা। অথচ বর্তমানে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকায়। এমনকি পেঁয়াজ ওঠানোর ভরা মৌসুমেও প্রতি মণ বিক্রি হয়েছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকায়। পাশাপাশি সংরক্ষণের সময় পচন ও শুকিয়ে যাওয়ার কারণে প্রতি মণে প্রায় ১৫ কেজি ওজন কমে যাচ্ছে।
গত এক সপ্তাহে উপজেলার বোয়াইলমারী, বনগ্রাম, কাশিনাথপুর, ধুলাউড়ি ও করমজা চতুরহাট ঘুরে দেখা গেছে, কৃষকেরা বস্তাভর্তি পেঁয়াজ নিয়ে হাটে এলেও প্রত্যাশিত দাম পাচ্ছেন না। অনেকে দাম কম হওয়ায় পেঁয়াজ বিক্রি না করে বাড়িতে ফিরিয়ে নিচ্ছেন। স্থানীয় এসব হাটে অন্যান্য বছর এ সময়ে প্রতি মণ পেঁয়াজ ৩ হাজার থেকে ৪ হাজার টাকায় বিক্রি হলেও এবার দাম নেমে এসেছে ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকায়।
গতকাল বৃহস্পতিবার সাঁথিয়ার বোয়াইলমারী হাটে কথা হয় গৌরীগ্রামের কৃষক আলমগীর হোসেনের সঙ্গে। তিনি বলেন, এ বছর প্রায় ৩০০ মণ পেঁয়াজ উৎপাদন করেছেন। প্রতিবছর এ সময়ে দাম বাড়ার আশায় তিনি পেঁয়াজ ঘরে মজুত করেছিলেন। কিন্তু বর্তমানে প্রতি মণ পেঁয়াজের দাম ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকার বেশি পাওয়া যাচ্ছে না। এই দামে বিক্রি করে ঋণ পরিশোধ তো দূরের কথা, উৎপাদন খরচও উঠবে না।
আরেক কৃষক শাহিন আলম জানান, এবার তাঁর উৎপাদিত পেঁয়াজের পরিমাণ প্রায় ৫০০ মণ। এর মধ্যে এখনো ঘরে প্রায় ৩০০ মণ মজুত রয়েছে। তিনি বলেন, ‘পেঁয়াজ এখন গলার কাঁটা হয়ে গেছে। না পারছি বিক্রি করতে, না পারছি ঘরে মজুত রাখতে। কারণ, ঘরে পেঁয়াজ পচছে এবং শুকিয়ে ওজন কমে যাচ্ছে। কিছুদিন পর বাজারে নতুন মুড়িকাটা পেঁয়াজ উঠতে শুরু করবে। তখন দাম আরও কমে যেতে পারে। এসব চিন্তায় রাতে ঘুম আসে না।’
উপজেলার বালিয়াকান্দী গ্রামের পেঁয়াজচাষি আব্দুল বারেক বলেন, এ বছর চার বিঘা জমিতে আবাদ করে ২৫০ মণের বেশি পেঁয়াজ পেয়েছেন। এখনো তাঁর ঘরে প্রায় ২০০ মণ পেঁয়াজ মজুত রয়েছে। প্রতি মণ উৎপাদনে প্রায় ২ হাজার টাকা খরচ হলেও বাজারে দাম পাওয়া যাচ্ছে মাত্র ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকা। এ অবস্থায় পেঁয়াজের আবাদ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। কৃষিকাজ ছেড়ে অন্য পেশায় যাওয়ার কথাও ভাবছেন তিনি।
চকপাট্টা গ্রামের কৃষক আফতাব আলী মণ্ডল বলেন, ধারদেনা করে পেঁয়াজের আবাদ করেছিলেন। কিন্তু এখন বিক্রি করে উৎপাদন খরচও উঠছে না। ঋণ পরিশোধ তো দূরের কথা, সংসার চালানোই কঠিন হয়ে পড়বে।
সাঁথিয়ার বোয়াইলমারী হাটের কালু এন্টারপ্রাইজের আড়তদার সাদ্দাক হোসেন বলেন, এবার পেঁয়াজের ফলন ভালো হয়েছে। কৃষকদের ঘরেও এখনো প্রচুর পেঁয়াজ মজুত রয়েছে। দাম কম থাকার আরেকটি কারণ হিসেবে তিনি জানান, আগে এলাকায় দেশি তাহেরপুরী জাতের পেঁয়াজের আবাদ বেশি হতো। এ জাতের ফলন ছিল বিঘাপ্রতি ৫০ থেকে ৫৫ মণ। বর্তমানে ভারতীয় হাইব্রিড জাতের পেঁয়াজের আবাদ বেড়েছে, যার ফলন বিঘাপ্রতি ১০০ থেকে ১২০ মণ। ফলে বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়ে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সজীব আল মারুফ বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় বাজারের চাহিদা নিরূপণ করে পেঁয়াজ উৎপাদনের পরিকল্পনা করতে হবে। চাহিদার অতিরিক্ত উৎপাদিত পেঁয়াজ বিদেশে রপ্তানির ব্যবস্থা এবং সংরক্ষণব্যবস্থার উন্নয়ন জরুরি।
