দেশে ফিরে জমকালো সংবর্ধনা পেলেন সেই নিষিদ্ধ রেফারি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০২:৩০ পিএম
ছবি : সংগৃহীত
২০২৬ ফিফা বিশ্বকাপে রেফারির দায়িত্ব পালনের সুযোগ হাতছাড়া হলেও নিজ দেশে ফিরে সম্মানজনক অভ্যর্থনা পেয়েছেন সোমালিয়ার রেফারি ওমর আরতান। বিশ্বকাপের রেফারিং প্যানেল থেকে বাদ পড়ার পর দেশে ফেরার সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান সরকারি কর্মকর্তা, ফুটবল ফেডারেশনের সদস্য, সহকর্মী রেফারি ও অসংখ্য সমর্থক।
৩৪ বছর বয়সী আরতান ২০২৬ বিশ্বকাপের জন্য নির্বাচিত ৫২ জন রেফারির তালিকায় ছিলেন। তিনিই প্রথম সোমালিয়ান, যিনি বিশ্বকাপের মূল পর্বে ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছিলেন। তবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আয়োজিত রেফারিদের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে গিয়ে মিয়ামি বিমানবন্দরে অভিবাসন কর্তৃপক্ষের বাধার মুখে পড়েন।
মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, অতিরিক্ত নিরাপত্তা যাচাইয়ের সময় তার বিরুদ্ধে সন্দেহভাজন সন্ত্রাসী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এর জেরে তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না দিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হয়। যদিও আরতান বরাবরই এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন।
প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে তুরস্ক হয়ে সোমালিয়ায় ফেরত পাঠানো হয়। বুধবার রাজধানী মোগাদিসুতে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে তিনি দেশটির প্রেসিডেন্টের সঙ্গেও সাক্ষাৎ করেন।
