এমপির সঙ্গে ক্রিকেটারের বিয়ে, কে এই সংসদ সদস্য?
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পিএম
ছবি : সংগৃহীত
ভারতীয় ক্রিকেটার রিংকু সিংয়ের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন সমাজবাদী পার্টির সংসদ সদস্য প্রিয়া সরোজ। উত্তরপ্রদেশের বারাণসীতে জন্ম নেওয়া প্রিয়া বর্তমানে মাছলিশহর লোকসভা কেন্দ্রের সাংসদ।
রাজনীতির পাশাপাশি আইন পেশায়ও রয়েছে তাঁর অভিজ্ঞতা। প্রিয়ার বাবা তুফানি সরোজ সমাজবাদী পার্টির তিনবারের নির্বাচিত সংসদ সদস্য। বাবার রাজনৈতিক পরিচয় থাকলেও প্রিয়ার প্রথম পছন্দ ছিল ওকালতি।
দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার পর নয়ডার অ্যামিটি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিস শুরু করেন।
তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির হয়ে রাজনীতির মাঠে নামেন প্রিয়া। মাছলিশহর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ৩৫ হাজারের বেশি ভোটে জয় পান তিনি। নির্বাচনে জয়ের পর মাত্র ২৫ বছর বয়সে ভারতের সংসদের দ্বিতীয় সর্বকনিষ্ঠ সাংসদ হন প্রিয়া।

এদিকে ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে খেলছেন রিংকু সিং। আইপিএলেও কলকাতা নাইট রাইডার্সের হয়ে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে। ক্রিকেটের পাশাপাশি ব্যক্তিজীবনেও নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই তারকা।
২০২৫ সালে প্রিয়া ও রিংকুর বাগদান হয়। আগামী ৪ ডিসেম্বর লখনউয়ের রামাডা হোটেলে তাঁদের বিয়ের আয়োজন করা হয়েছে। বিয়ের তারিখ চূড়ান্ত হওয়ার পর দুই পরিবারেই শুরু হয়েছে প্রস্তুতি। অনুষ্ঠানে পরিবারের সদস্য, ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বিশেষ অতিথিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
এর আগে ৮ জুন লখনউয়ের দ্য সেন্ট্রাম হোটেলে তাঁদের বাগদান অনুষ্ঠিত হয়েছিল। রিংকু ভারতীয় দলের পরিচিত মুখ আর প্রিয়া উত্তরপ্রদেশের মাছলিশহর লোকসভা কেন্দ্রের সমাজবাদী পার্টির সংসদ সদস্য।
যেভাবে পরিচয় রিংকু-প্রিয়ার
২০২৫ সালে বাগদানের সময় এক সাক্ষাৎকারে রিংকু জানিয়েছিলেন, করোনাকালেই তাঁদের সম্পর্কের শুরু। একটি ফ্যান পেজে প্রিয়ার ছবি দেখে তাঁর প্রতি আগ্রহ তৈরি হয় রিংকুর। তবে শুরুতে সরাসরি যোগাযোগ করেননি তিনি।
পরে প্রিয়া রিংকুর কয়েকটি ছবিতে লাইক দেওয়ার পর তাঁকে মেসেজ করতে শুরু করেন রিংকু। সেখান থেকেই দুজনের নিয়মিত কথাবার্তার শুরু। ম্যাচের আগে-পরে তো বটেই, অন্যান্য সময়ও তাঁদের যোগাযোগ চলত।

রিংকুর ভাষ্য অনুযায়ী, ২০২২ সালে তিনি বুঝতে পারেন প্রিয়ার প্রতি তাঁর ভালোবাসা তৈরি হয়েছে। এরপর ধীরে ধীরে সম্পর্ক আরও গভীর হয়।
রিংকুর ক্রিকেট ক্যারিয়ারে প্রিয়ার সমর্থনের কথাও বিভিন্ন সময়ে উঠে এসেছে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে গ্যালারিতে বসে রিংকুকে সমর্থন করতে দেখা গেছে তাঁকে।
ভারতীয় ক্রিকেটে রিংকুর অবস্থানও সময়ের সঙ্গে শক্ত হয়েছে। ভবিষ্যতে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে আলোচনা আছে। এখন পর্যন্ত ভারতের হয়ে ৪৮টি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। সর্বশেষ এশিয়া কাপে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রিংকু সিং।
