সিলেটে পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশন ধর্মঘট প্রত্যাহার
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০২:৩১ পিএম
ছবি: সংগৃহীত
পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশন মালিকদের ডাকা ধর্মঘট কয়েক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করা হলেও সিলেটে এখনো স্বাভাবিক হয়নি জ্বালানি সরবরাহ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও সাধারণ যাত্রীরা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে নগরের অধিকাংশ পেট্রোল পাম্পে তেল ও গ্যাস বিক্রি বন্ধ থাকতে দেখা গেছে। ফলে দূরপাল্লার যানবাহন চলাচল ব্যাহত হয় এবং বিপাকে পড়েন যাত্রীরা।
এর আগে, বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানাকে ‘অযৌক্তিক’ দাবি করে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় সিএনজি ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। তবে প্রশাসনের পক্ষ থেকে হয়রানি বন্ধের আশ্বাস পাওয়ার পর বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন সিলেট পেট্রোল পাম্প মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনান।
ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা এলেও বাস্তবে পাম্পগুলোতে জ্বালানি বিক্রি স্বাভাবিক হয়নি। অনেক যাত্রী জানান, আগাম কোনো ঘোষণা না থাকায় হঠাৎ করেই তারা বিপাকে পড়েছেন।
পাম্প মালিকদের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অতিরিক্ত জরিমানা, ট্যাগ অফিসার নিয়োগ, ঘনঘন তদারকি, পাম্পে পুলিশ মোতায়েনসহ নানা কারণে তারা হয়রানির শিকার হচ্ছেন। বুধবার একাধিক পাম্পে জরিমানা করা হয় এবং এক মালিককে কয়েক ঘণ্টা পুলিশি হেফাজতে রাখার অভিযোগও ওঠে।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন প্রয়োগের ক্ষেত্রে অযথা হয়রানি করা হবে না। পরিস্থিতি স্বাভাবিক করতে বৃহস্পতিবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসন ও পাম্প মালিকদের বৈঠক হওয়ার কথা রয়েছে।
এই বৈঠকের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে সিলেটে জ্বালানি সরবরাহ কবে পুরোপুরি স্বাভাবিক হবে।
