ফিল্ডিং ও বোলিংয়ে উন্নতিতে আত্মবিশ্বাসী টাইগাররা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৯:১৩ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের মধ্যকার দ্বিতীয় টেস্টকে সামনে রেখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জোর প্রস্তুতি শুরু করেছে দুই দল।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ আশিক মজুমদার দলের সাম্প্রতিক উন্নতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। তিনি জানান, ফিল্ডিং নিয়ে দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের ইতিবাচক ফল এখন মাঠের পারফরম্যান্সে দেখা যাচ্ছে।
আশিক মজুমদার বলেন, বাংলাদেশের ক্রিকেটারদের যেকোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা এবং দ্রুত শেখার দক্ষতা রয়েছে, যা তাদের উন্নতিতে সহায়তা করছে।
দলের বর্তমান অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ক্রিকেটাররা এখন ভালো ছন্দে আছেন। প্রথম টেস্টে যে ভুলগুলো ছিল, পরবর্তী দুই দিনের অনুশীলনে সেগুলো সংশোধনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
ফিল্ডিংয়ের পাশাপাশি বোলিং বিভাগ নিয়েও আশাবাদ প্রকাশ করেন এই কোচ। বিশেষ করে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন-এর গতি এবং তরুণ পেসার নাহিদ রানা-এর উপস্থিতিকে তিনি দলের জন্য বড় ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করেন।
এদিকে দ্বিতীয় টেস্টের প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে দুই দলই অনুশীলন করেছে। সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সফরকারী পাকিস্তান দল অনুশীলন করে। এরপর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নিজেদের দক্ষতা ঝালিয়ে নেয়।
কন্ডিশন ও মাঠের পরিবেশ কাজে লাগিয়ে ভালো পারফরম্যান্স উপহার দিতে মুখিয়ে আছে স্বাগতিক টাইগাররা।
