গোয়াইনঘাটে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, ধর্ষক আটক
নজরুল ইসলাম গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৮:২৬ পিএম
ছবি সংগৃহিত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত মনছুর আলমকে (৩৫) আটক করেছে। আটক মনছুর উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।
সোমবার সকালে ভুক্তভোগী শিশুর পরিবার বাদী হয়ে গোয়াইনঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় এই মামলাটি দায়ের করে।
মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির বাবা মারা গেছেন এবং মা বর্তমানে সৌদি আরবে কর্মরত রয়েছেন। গত প্রায় দেড় মাস ধরে শিশুটি তার এক আত্মীয়ের বাড়িতে থেকে লেখাপড়া করে আসছিল। গত ২৫ জুন প্রতিবেশী মনছুর আলম নিজ বাড়িতে ডেকে নিয়ে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে
ঘটনার পর চরম ভয় ও আতঙ্কে শিশুটি বিষয়টি গোপন রাখে। পরবর্তীতে সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের অন্য সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে শিশুটি ঘটনাটি খুলে বললে আত্মীয়-স্বজনরা নিজেদের মধ্যে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, অভিযোগ পাওয়ার পরপরই তা নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে। পুলিশ তৎপরতার সাথে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে। ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষা (মেডিকেল টেস্ট) এবং এই বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে
