×

সিলেট

১৯ দিনে শাহজালালের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৭:৪৫ পিএম

১৯ দিনে শাহজালালের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা

ছবি : সংগৃহীত

সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স ও দানের ডেগে ১৯ দিনে জমা হয়েছে ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। শনিবার (১১ জুলাই) দিনব্যাপী গণনা শেষে মাজার ব্যবস্থাপনা কমিটি ও জেলা প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে।

জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সকাল থেকে দরগাহ মসজিদের বারান্দায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সিলগালা করা দানের ডেগ ও নতুন দানবাক্স খুলে অর্থ গণনার কাজ শুরু হয়। এ সময় সেখান থেকে চার বস্তা টাকা বের করা হয়।

টাকা-পয়সার পাশাপাশি এ কয়দিনে মাজারে একটি গরু ও ৬৫টি ছাগল দান করা হয়েছে। গরুটি নজরানা হিসেবে জবাই করে রান্না করে বিতরণ করা হয়েছে। ছাগলের মধ্যে রান্না করা হয়েছে ৪০টি। বাকি ২৫টি বিক্রি করে দুই লাখ ২৫ হাজার ৪৫০ টাকা পাওয়া গেছে।

টাকা গণনার কাজে অংশ নেন শাহজালাল (রহ.) মাজার মাদরাসার শিক্ষার্থীরা। এ সময় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মাজারের আর্থিক ব্যবস্থাপনা তদারকিতে গঠিত উচ্চপর্যায়ের কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মাজার কর্তৃপক্ষ জানায়, প্রায় ৭০০ বছরের ইতিহাসে এটি দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে দানবাক্স ও দানের ডেগের অর্থ গণনা করা হলো।

এর আগে গত ২২ জুন তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের নেতৃত্বে প্রথমবারের মতো প্রকাশ্যে দানবাক্সের অর্থ গণনা করা হয়েছিল। তখন মাত্র চার দিনে জমা হওয়া অর্থের পরিমাণ ছিল ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা।

এবারের গণনায় দেখা গেছে, আগেরবারের তুলনায় ছোট অঙ্কের নোটের সংখ্যা বেশি। বিশেষ করে ১০ ও ৫০ টাকার নোটের আধিক্য ছিল উল্লেখযোগ্য। অন্যদিকে প্রথমবারের গণনায় ৫০০ ও ১ হাজার টাকার নোটের পরিমাণ তুলনামূলক বেশি ছিল।

মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গঠিত বিশেষ কমিটির তত্ত্বাবধানে গণনা করা এ অর্থ সোনালী ব্যাংকে মাজারের নামে খোলা নির্ধারিত ব্যাংক হিসাবে জমা রাখা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৪ থেকে ৪৮ ঘণ্টায় বন্যার শঙ্কা, নদ-নদীর পানি আরো বাড়বে

২৪ থেকে ৪৮ ঘণ্টায় বন্যার শঙ্কা, নদ-নদীর পানি আরো বাড়বে

১০০ কোটির ক্লাবে সামান্থার সিনেমা, গড়ল নতুন ইতিহাস

১০০ কোটির ক্লাবে সামান্থার সিনেমা, গড়ল নতুন ইতিহাস

‘ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন অনন্য এক প্রতিষ্ঠান’

সংসদে শ্রদ্ধা ‘ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন অনন্য এক প্রতিষ্ঠান’

চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব

স্বাস্থ্যমন্ত্রী চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App