ভ্রমণপ্রিয়দের পদচারণায় মুখরিত কালীবাড়ি পদ্মবিল
বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পিএম
ছবি: সংগৃহীত
বিলজুড়ে সারি সারি পদ্মফুল। চারপাশে সবুজের সমারোহ। নির্মল বাতাস আর শান্ত পরিবেশ। প্রকৃতির এমন মনোমুগ্ধকর দৃশ্য সহজেই মুগ্ধ করছে ভ্রমণপিপাসুদের। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার মধ্যবর্তী ধর্মনগর এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী কালীবাড়ি পদ্মবিল। বর্ষা মৌসুমে পানিতে ভরে ওঠা এই বিল পদ্মফুলে সেজে ওঠে অপরূপ সাজে। বাংলা আষাঢ় থেকে কার্তিক পর্যন্ত প্রায় পাঁচ মাস পদ্মফুলে রঙিন থাকে বিলটি।
পরিবার-পরিজন কিংবা বন্ধুদের সঙ্গে সময় কাটাতে প্রতিদিনই এখানে ছুটে আসছেন বিভিন্ন বয়সী মানুষ। কেউ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন, আবার কেউ স্মৃতি ধরে রাখতে ব্যস্ত ছবি ও ভিডিও ধারণে। সামাজিক যোগাযোগমাধ্যমে পদ্মবিলের সৌন্দর্যের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় দিন দিন বাড়ছে দর্শনার্থীর সংখ্যা। বিশেষ করে ছুটির দিনগুলোতে কয়েকগুণ বেড়ে যায় পর্যটকদের আনাগোনা।

প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য যেমন মনকে প্রশান্ত করে, তেমনি ব্যস্ত জীবনে এনে দেয় স্বস্তির একটু অবকাশ। তবে পর্যটকদের অভিযোগ, এখানে এখনো নেই পর্যাপ্ত বসার ব্যবস্থা ও ওয়াশরুম। রাস্তাঘাটেরও রয়েছে নানা সমস্যা। পাশাপাশি অসচেতন কিছু দর্শনার্থী পদ্মফুল ছিঁড়ে নেওয়ায় নষ্ট হচ্ছে বিলের প্রাকৃতিক সৌন্দর্য। তাই সৌন্দর্য রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন দর্শনার্থীরা।
পর্যটন সম্ভাবনাময় এই স্থানটির সৌন্দর্য ও পরিবেশ রক্ষার পাশাপাশি নিরাপত্তা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করারউদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া।

আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মিনারকোট, ঘাগুটিয়া ও ধর্মনগর কালীবাড়ি হয়ে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোসাইস্থল পর্যন্ত প্রায় একশ একর জায়গাজুড়ে বিস্তৃত এই বিল।
পদ্মফুলের সৌন্দর্য আর নৈসর্গিক পরিবেশে ইতোমধ্যেই ভ্রমণপ্রিয় মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছে ধর্মনগর কালীবাড়ি পদ্মবিল।
পরিকল্পিত উদ্যোগ, প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও যথাযথ সংরক্ষণ করা গেলে এই পদ্মবিল হয়ে উঠতে পারে ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র।
