জাল টাকাসহ ১ জন গ্রেপ্তার
রংপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
রংপুরে জাল টাকাসহ শাওন মিয়া (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার বিকালে উপজেলার মিঠিপুর ইউনিয়নের কুতুবপুর গবড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাওন ওই এলাকার সুজন মিয়ার ছেলে। এ সময় তার কাছ থেকে ৭৫ হাজার ৫শ টাকার জাল টাকা উদ্ধার করা হয়। গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে কুতুবপুর গবড়া এলাকার হারুনুর রশিদের বাড়িতে অভিযান চালায় র্যাব। এ সময় শাওন মিয়াকে গ্রেপ্তারসহ তার দেহ তল্লাশি করে পকেটে থাকা ৫শ টাকার ১৫১টি জাল নোট উদ্ধার করা হয়। র্যাব কর্মকর্তা বিপ্লব কুমার গোস্বামী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন দীর্ঘদিন ধরে জাল টাকা সংরক্ষণ বিতরণ ও বাজারজাত করার সঙ্গে জড়িত ছিল।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরসহ তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে শাওনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হচ্ছে। সেই সঙ্গে এই ধরনের প্রতিটি চক্রকে গ্রেপ্তারে র্যাব অভিযান অব্যাহত রেখেছে।
