জাপান গার্ডেন সিটি
ত্রুটজিনতি বিদ্যুৎ বিভ্রাট ও ডিপিডিসি কর্তৃক গৃহীত পদক্ষেপ
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
১.০ ভূমিকা ও গ্রাহকের পরিচিতি: এনওসিএস আদাবর, ডিপিডিসি দপ্তরের আওতাধীন ‘জাপান গার্ডেন সিটি’ একটি ৩৩ কেভি ভোল্টেজের সম্মানিত আবাসিক গ্রাহক (অনুমোদিত লোড: ৯৪০০ কিঃওঃ)। উক্ত গ্রাহক প্রাঙ্গণে মোট ২৬টি আবাসিক ভবন এবং ‘টোকিও স্কয়ার’ নামে একটি শপিং মল রয়েছে, যা এই বিদ্যুৎ সংযোগের আওতাভুক্ত।
আবাসনটির বিদ্যুৎ সরবরাহ জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষের মালিকানাধীন নিজস্ব ৩৩/১১ কেভি উপকেন্দ্রের মাধ্যমে পরিচালিত হয়। ডিপিডিসি উক্ত উপকেন্দ্রের ইনকামিং পয়েন্ট পর্যন্ত ৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ করে থাকে। উপকেন্দ্রের অভ্যন্তরীণ পাওয়ার ট্রান্সফরমার, ১১ কেভি বাসবার, সার্কিট ব্রেকার, সুইচগিয়ার ও সংশ্লিষ্ট বিতরণব্যবস্থার পরিচালনা, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষের।
২.০ ঘটনার বিবরণ ও প্রাথমিক পদক্ষেপ (০৭/০৭/২০২৬): গত ০৭/০৭/২০২৬ তারিখ রাত ০৩:৩১ ঘটিকায় গ্রাহকের নিজস্ব উপকেন্দ্রের অভ্যন্তরীণ ত্রুটির কারণে ১১ কেভি ইনকামিং ব্রেকার ফ্ল্যাশিং হয় এবং ফিডার ট্রিপ করে। ডিপিডিসি জরুরি শাটডাউন ও বিকল্প সোর্স থেকে ট্রায়াল দিলেও গ্রাহক প্রান্তের ত্রুটির কারণে লাইন সচল হয়নি। ডিপিডিসি'র যৌথ পরিদর্শনে গ্রাহকের ১১ কেভি বাসবারে প্রচুর কার্বন/ময়েশ্চার এবং টি-১ ট্রান্সফরমারের ত্রুটি ধরা পড়ে।
৩.০ মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় ও ডিপিডিসি'র পদক্ষেপ: জাপান গার্ডেন সিটিতে সাম্প্রতিক বিদ্যুৎ বিভ্রাটের মূল কারণ ছিল গ্রাহক কর্তৃপক্ষের নিজস্ব ৩৩/১১ কেভি উপ-কেন্দ্রের ১০/১৪ এমভিএ ট্রান্সফরমার বিকল এবং ১১ কেভি বাসবার ও সংশ্লিষ্ট যন্ত্রে কারিগরি ত্রুটি। গ্রাহক কর্তৃপক্ষ দক্ষ জনবল বা কারিগরি প্রতিষ্ঠান নিয়োগ না করায় কাজে ধীরগতি দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিপিডিসি জরুরি সভা করে এবং পরবর্তীতে ঢাকা-১৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ মহোদয়ের নির্দেশনায় স্বনামধন্য একটি প্রতিষ্ঠান কে দায়িত্ব দেওয়া হয়। ডিপিডিসি সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে ও জনবল দিয়ে উপকেন্দ্রের অভ্যন্তরীণ কারিগরি কাজ সম্পন্ন করে রাখে। গ্রাহক কর্তৃক নিয়োজিত প্রতিষ্ঠান উপ-কেন্দ্রের পরীক্ষা নিরীক্ষা করেন। পরবর্তীতে প্রাপ্ত টেস্ট রিপোর্ট ও গ্রাহকের আবেদনের পর ০৯/০৭/২০২৬ তারিখ রাত ১১:০০ ঘটিকায় ৩৩/১১ কেভি ট্রান্সফরমার সফলভাবে চালু করা হয়।
৪.০ বর্তমান অবস্থা: ডিপিডিসি কর্তৃক লাইন চালুর পর জাপান গার্ডেন সিটি'র অধিকাংশ ভবনের বিদ্যুৎ সরবরাহ সচল হলেও তাদের নিজস্ব ১টি ১১ কেভি ফিডারের অভ্যন্তরীণ ত্রুটির কারণে জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষ কিছু ভবনে সংযোগ দিতে বিলম্ব করেন, যা অবশেষে অদ্য ১০/০৭/২০২৬ ইং তারিখ রাত ০৮:০২ ঘটিকায় সম্পূর্ণ সচল হয়েছে। গ্রাহক প্রান্তে ৩৩ কেভি প্রটেকশন সিস্টেম না থাকায় যেকোনো বড় ত্রুটি ডিপিডিসি সিস্টেমের জন্য ঝুঁকিপূর্ণ। এই প্রেক্ষিতে জাপান গার্ডেন সিটি যাতে তাদের নিজস্ব উপকেন্দ্র ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি নিয়মিত রক্ষণাবেক্ষণ করে এ ব্যাপারে ডিপিডিসি পরামর্শ প্রদান করছে।
ডিপিডিসি সম্মানিত আবাসিকদের ধৈর্য, সহযোগিতা ও সহনশীলতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। জনস্বার্থে নিরাপদ, নির্ভরযোগ্য ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ডিপিডিসি প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা ও পরামর্শ প্রদান অব্যাহত রাখবে।
