×

প্রথম পাতা

পূর্ণ শক্তি নিয়ে আজ মাঠে নামছে ব্রাজিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পূর্ণ শক্তি নিয়ে আজ মাঠে নামছে ব্রাজিল

চার ম্যাচের পথ পেরিয়ে ব্রাজিল এখন ঠিক সেই জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখান থেকে শুরু হয় বিশ্বকাপের আসল লড়াই। গ্রুপ পর্বে ধীরগতির শুরু, এরপর ধাপে ধাপে ছন্দে ফেরা, চোটাক্রান্ত তারকাদের প্রত্যাবর্তন এবং কোচ কার্লো আনচেলত্তির কৌশলগত পরিণত সিদ্ধান্ত- সব মিলিয়ে সেলেসাওদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। তবে সামনে এমন এক প্রতিপক্ষ, যাদের বিপক্ষে ইতিহাস মোটেও ব্রাজিলের পক্ষে কথা বলে না। শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে তাই শুধু কোয়ার্টার ফাইনালের টিকেট নয়, নিজেদের পূর্ণ শক্তিরও পরীক্ষা দিতে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

বিশ্বকাপে ব্রাজিলের যাত্রা প্রত্যাশামতো শুরু হয়নি। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ১-১ ড্র করে সমালোচনার মুখে পড়েছিল দলটি। তবে সেই ম্যাচের পর থেকেই বদলে যেতে শুরু করে সেলেসাওদের চেহারা। রক্ষণে স্থিরতা, মাঝমাঠে নিয়ন্ত্রণ এবং আক্রমণে ধার বাড়িয়ে টানা জয় তুলে নেয় তারা। গ্রুপ পর্ব পেরিয়ে শেষ ৩২-এর নকআউট ম্যাচেও জয় ধরে রেখে নিজেদের অন্যতম শিরোপাপ্রত্যাশী হিসেবে প্রতিষ্ঠিত করেছে ব্রাজিল।

এই সময়ের সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল নেইমার। দীর্ঘদিনের চোট কাটিয়ে বিশ্বকাপে ফিরলেও তাকে খুব সতর্কভাবে ব্যবহার করেছেন কোচ কার্লো আনচেলত্তি। চার ম্যাচের মধ্যে মাত্র একটিতে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন তিনি। সীমিত সময় খেললেও গোলের দেখা পাননি। কিন্তু সেটি নিয়ে উদ্বিগ্ন নন কোচ। বরং নেইমারকে পূর্ণ ফিট অবস্থায় নকআউটের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর জন্য প্রস্তুত করাই ছিল আনচেলত্তির পরিকল্পনা।

এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। কোচ ইতোমধ্যেই নিশ্চিত করেছেন, নেইমার পুরো ৯০ মিনিট খেলার মতো ফিট। ফলে নরওয়ের বিপক্ষে প্রথমবারের মতো শুরু থেকেই মাঠে দেখা যেতে পারে ব্রাজিলের সবচেয়ে বড় তারকাকে।

বিশ্বকাপের মতো মঞ্চে অভিজ্ঞতা, সৃজনশীলতা এবং বড় ম্যাচে পার্থক্য গড়ে দেয়ার সামর্থ্যরে কারণে নেইমারের উপস্থিতি ব্রাজিলের আক্রমণভাগকে নতুন মাত্রা দেবে বলেই ধারণা করা হচ্ছে।

শুধু নেইমার নন, রাফিনিয়ার ফেরাও ব্রাজিলের জন্য বড় সুখবর। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে তিনি অনুশীলনে ফিরেছেন। যদিও তার জায়গা নিশ্চিত নয়। কারণ তার অনুপস্থিতিতে তরুণ হায়ান দুর্দান্ত খেলেছেন এবং নিজের জায়গার দাবিও জোরালো করেছেন। অর্থাৎ আনচেলত্তির সামনে এখন সুখকর এক সমস্যা- অভিজ্ঞতা নাকি তরুণের গতি, কোন সমন্বয়ে সাজাবেন আক্রমণভাগ?

তবে সুখবরের পাশাপাশি রয়েছে দুশ্চিন্তাও। মিডফিল্ডের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার লুকাস পাকেতা চোটের কারণে নরওয়ের বিপক্ষে খেলতে পারবেন না। জাপানের বিপক্ষে পাওয়া হ্যামস্ট্রিং ইনজুরি তাকে ছিটকে দিয়েছে। ফলে মাঝমাঠে নতুন সমন্বয় খুঁজতে হবে আনচেলত্তিকে। এই জায়গায় এনদ্রিককে আক্রমণাত্মক ভূমিকায় ব্যবহার করার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। জাপানের বিপক্ষে দ্বিতীয়ার্ধে চার ফরোয়ার্ড নিয়ে খেলে যে ইতিবাচক ফল পেয়েছিল ব্রাজিল, প্রয়োজনে সেই কৌশল আবারো দেখা যেতে পারে।

আনচেলত্তির সবচেয়ে বড় শক্তি এখন তার কৌশলগত নমনীয়তা। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ছক বদলাতে তিনি দ্বিধা করেন না। জাপানের বিপক্ষে বিরতির পর কৌশল বদলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়ার ঘটনা সেটিরই প্রমাণ। অভিজ্ঞ এই ইতালিয়ান কোচ মনে করেন, নকআউট পর্বে শুধু ফুটবল নয়, মানসিক দৃঢ়তাও ম্যাচের ভাগ্য নির্ধারণ করে।

অন্যদিকে নরওয়েকেও হালকাভাবে নেয়ার সুযোগ নেই। আর্লিং হলান্ডের নেতৃত্বে দলটি দ্রুতগতির আক্রমণ, শারীরিক সক্ষমতা এবং সংগঠিত ফুটবলের জন্য পরিচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইতিহাসে ব্রাজিলের বিপক্ষে কখনো হারেনি নরওয়ে। চার দেখায় ২টি জয় ও ২টি ড্র রয়েছে ইউরোপীয় দলটির। এমনকি ১৯৯৮ বিশ্বকাপেও ব্রাজিলকে হারানোর স্মৃতি রয়েছে তাদের।

আরো একটি পরিসংখ্যান ব্রাজিলকে ভাবাচ্ছে। ২০০২ সালের বিশ্বকাপ ফাইনালে জার্মানিকে হারানোর পর বিশ্বকাপের নকআউট পর্বে আর কোনো ইউরোপীয় দলকে হারাতে পারেনি তারা। সেই দীর্ঘ অপেক্ষা এবার ঘোচানোর সুযোগ এসেছে নরওয়ের বিপক্ষে। সবকিছু মিলিয়ে ম্যাচটি হতে যাচ্ছে কৌশল, অভিজ্ঞতা এবং মানসিক শক্তির লড়াই। একদিকে হলান্ডের নরওয়ে, অন্যদিকে পূর্ণশক্তির পথে ফেরা ব্রাজিল। নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তন, রাফিনিয়ার ফেরা, এনদ্রিকের বিকল্প পরিকল্পনা এবং আনচেলত্তির কৌশলগত দক্ষতা- সব মিলিয়ে কাগজে-কলমে কিছুটা এগিয়ে ব্রাজিলই।

তবে বিশ্বকাপের নকআউট পর্বে অতীতের সাফল্য বা পরিসংখ্যান নয়, শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয় ৯০ মিনিটের সিদ্ধান্ত, ধৈর্য এবং মুহূর্তকে কাজে লাগানোর ক্ষমতা। নরওয়ের বিপক্ষে সেই পরীক্ষাতেই নামছে সেলেসাওরা। জয় পেলে শুধু কোয়ার্টার ফাইনালের টিকেট নয়, ইউরোপীয় বাধা ভাঙার নতুন গল্পও লিখবে ব্রাজিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App