×

প্রথম পাতা

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে উত্তাল শিক্ষাঙ্গন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে উত্তাল শিক্ষাঙ্গন

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা নেয়ায় গতকাল মঙ্গলবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি করাসহ অসংগতিপূর্ণ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আল্টিমেটাম দেন। এই দাবিতে আজ বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। গতকাল বেলা ৩টার দিকে উত্তরার আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়। এ সময় আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা মঙ্গলবার রাতের মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আল্টিমেটাম দেন। পরে বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা দিয়ে উত্তরা বিএনএস সেন্টারের সড়ক থেকে সড়ে যান তারা। যদিও গতকাল জাতীয় সংসদে চলা অধিবেশনে শিক্ষামন্ত্রী বলেছেন, তিনি কাউকে আঘাত করতে চাননি। বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখও প্রকাশ করেন তিনি।

জাতীয় সংসদে গতকাল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিলের ওপর আনীত সংশোধনী প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, চট্টগ্রাম বোর্ডের আওতাধীন জেলাগুলোতে বন্যার কারণে পরীক্ষা স্থগিত করতে হয়েছে এবং এই পরীক্ষাগুলো পুনরায় নিতেই হবে। বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা নানা ধরনের দাবি ও অভিযোগ জানালেও মন্ত্রণালয় শুরু থেকেই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল। সার্বিক বিষয় বিবেচনা করে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যে, চট্টগ্রাম বোর্ডের জন্য যখন পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা এবং হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা অন্য আরেকটি প্রশ্নপত্র সেটে নেয়া হবে, ঠিক সেই সময়েই স্থগিত হওয়া পরীক্ষাগুলো পুনরায় নেয়ার ব্যবস্থা করা হবে।

বক্তব্যের একপর্যায়ে মন্ত্রী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে তার একটি মন্তব্য নিয়ে তৈরি হওয়া সমালোচনার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি জানান, কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঘাত করার জন্য তিনি কোনো কথা বলেননি। তার এই ব্যক্তিগত মন্তব্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা আহত হয়ে থাকেন, তবে তার জন্য তিনি দুঃখ প্রকাশ করছেন। মন্ত্রী বলেন, আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি করেছেন। সেই ব্যাপারেও বলতে চাই। আমি কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকেন ‘সিম্প্লি ’ আমি দুঃখ প্রকাশ করছি।

এর আগে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে পড়ার টেবিলে ফেরার অনুরোধ জানিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, এইচএসসির পদার্থবিজ্ঞান বিষয়ের ভুল প্রশ্নের জন্য পরীক্ষার্থীরা পূর্ণ নম্বর পাবেন, যেসব কেন্দ্রে সমস্যা হয়েছে, সেসব কেন্দ্রে প্রয়োজনে ফের পরীক্ষা নেয়া হবে।

সংসদ ভবনের সামনে থেকে আন্দোলনরতদের পিটিয়ে সরাল পুলিশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধের পর সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে অবস্থান করা এইচএসসি পরীক্ষার্থীদের লাঠিপেটা করে সরিয়ে দিয়েছে পুলিশ। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীদের লাঠিপেটার পাশাপাশি ধাওয়া দিতে দেখা যায় পুলিশ সদস্যদের। এ সময় ছত্রভঙ্গ হয়ে যান শিক্ষার্থীরা।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে মানিক মিয়া এভিনিউ সংলগ্ন বটতলার গেটে অবস্থান নেন পরীক্ষার্থীরা। এভিনিউয়ের দুই পাশেই আটকে রাখার ফলে আসাদগেট থেকে খামারবাড়ির দিকে এবং খামার বাড়ি থেকে আসাদ গেট অভিমুখে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম তখন বলেন, শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে মানিক মিয়া এভিনিউর সড়কে অবস্থান নিয়েছে, এর ফলে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সেখানে পুলিশের বাড়তি ফোর্স রয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গতকাল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তরে তার সঙ্গে জরুরি বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে কিছু জানা যায়নি।

এর আগে গতকাল বিকাল চারটার কিছু আগে শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ফের অবরোধ করেন। এক পর্যায়ে ৩ দফা দাবি বাস্তবায়নের আল্টিমেটাম বেঁধে দিয়ে বিকাল ৫টার দিকে সংসদের অভিমুখে রওনা দেন তারা। গতকাল বিকাল ৫টার সময় সায়েন্স ল্যাবে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে ৩ দফা দাবি বাস্তবায়নের ঘোষণা দিয়ে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন বলেন, আজ (গতকাল) সন্ধ্যার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে ও তার অসংগতিপূর্ণ কথাবার্তার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। গত সোমবার অস্বস্তিকর পরিবেশে যারা পরীক্ষা দিয়েছে ও যারা পরীক্ষা দিতে পারেনি, তাদের কথা বিবেচনা করে ওই পরীক্ষাটি পুনরায় নিতে হবে। একই সঙ্গে আগামীকালের (আজকের) পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষার রুটিন প্রকাশ করতে হবে। প্রশ্নপত্রের মানদণ্ডও অবশ্যই শিক্ষার্থীবান্ধব হতে হবে।

গতকাল সকালেও শিক্ষার্থীরা এখান থেকে অবরোধ শুরু করেন। এর আগে বেলা পৌনে তিনটার দিকে বকশীবাজারে ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। সেখানে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন ও ভুয়া-ভুয়া স্লোগান দেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে যান শিক্ষার্থীরা। সেখানে পুলিশ তাদের বাধা দেয়। পরে শিক্ষার্থীরা পলাশীর মোড় হয়ে ঢাকা বোর্ডের সামনে যান। এ ছাড়াও শিক্ষার্থীরা উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। ময়মনসিংহে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কও অবরোধ করেন শিক্ষার্থীরা। টাঙ্গাইল, কুমিল্লা, বগুড়া, ময়মনসিংহ, যশোর, রংপুরর বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

ফার্মের মুরগি বিতর্কে আত্মপ্রকাশ করল ব্রয়লার চিকেন পার্টি এদিকে, এমন পরিস্থিতির মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। তাতে একজন পরীক্ষার্থীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলছেন শিক্ষামন্ত্রী। সেখানে পরীক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রীকে বলতে শোনা যায়, ওরা তো ফার্মের মুরগি, একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসবে। বিষয়টি গত সোমবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা যায়, সিটি কলেজের একজন ছাত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর মোবাইল ফোনে কথা হয়। ওই ছাত্রীর অভিভাবক মন্ত্রীকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে সন্তানের সঙ্গে কথা বলিয়ে দেন। গত রবিবার রাতে এ কথোপকথন হয় বলে নিশ্চিত হওয়া গেছে। এ নিয়েই তীব্র ক্ষোভ সৃষ্টি হয় শিক্ষার্থীর মধ্যে। এমন পরিপ্রেক্ষিতে ব্যঙ্গাত্মকভাবে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে আত্মপ্রকাশ করেছে ব্রয়লার চিকেন পার্টি নামে একটি দল। পেজটি খোলেন দেশের জেন-জি বা নতুন প্রজন্মের শিক্ষার্থীরা। আমরা অপমানিত নই, আমরা জাগ্রত- স্লোগানে খোলা এই পেজটিতে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে, গতকাল বিকাল ৬টা পর্যন্ত ১ হাজার ৭০০ জন ফলোয়ার যুক্ত হয়েছেন।

পেজটিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিভিন্ন ব্যঙ্গাত্মক কনটেন্ট, ছবি ও ভিডিও শেয়ার করা হচ্ছে। অনলাইন অ্যাক্টিভিস্টরা বলছেন, এই প্ল্যাটফর্মটি মূলত ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) আদলে তৈরি। গত মে মাসে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত বেকার তরুণদের ককরোচ বা পরজীবী বলে উল্লেখ করার পর সে দেশে ব্যঙ্গাত্মক প্রতিবাদ হিসেবে ককরোচ জনতা পার্টি গড়ে ওঠে। যুক্তরাষ্ট্রপ্রবাসী ভারতীয় শিক্ষার্থী অভিজিৎ দীপকের হাত ধরে শুরু হওয়া সেই অনলাইন আন্দোলনটি পরবর্তীতে ভারতের লাখ লাখ তরুণের বেকারত্ব, প্রশ্নফাঁস ও নিয়োগের অনিয়ম বিরোধী বাস্তব আন্দোলনের রূপ নেয়।

সায়েন্স ল্যাব মোড় অবরোধ

গতকাল সকালে যেখান থেকে শুরু করেছিলেন, বিকালে আবার সেখানেই সাইন্সল্যাব মোড়ে ফিরে আসেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। বিকাল পৌনে চারটার দিকে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। ওইদিন সকালের মতো বিকালেও মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে শিক্ষার্থীদের একদল ঢাকা কলেজের সামনে ও আরেক দল টিএসসির দিকে যান। এক ঘণ্টা পর সড়কে যান চলাচল শুরু হয়।

ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাঙলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, বিএফ শাহীন কলেজসহ ১২ থেকে ১৫টি কলেজের শিক্ষার্থীরা এই অবরোধে অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা এ সময় দফা এক দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ, তুমি কে আমি কে, ফার্মের মুরগি, আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম- এ রকম নানা স্লোগান দেন।

শিক্ষা বোর্ডের সামনে অবস্থান, ইট ছোড়াছুড়ি

শিক্ষার্থীরা গতকাল বেলা পৌনে তিনটার দিকে ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান করেন। তারা সেখানে স্লোগান দেন। একপর্যায়ে ইট ছোড়াসহ গেটে ধাক্কাধাক্কি করেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নেয় ।

উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

উত্তরার বিএনএস সেন্টারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক শিক্ষার্থীরা গতকাল সকাল থেকে অবরোধ করেন। উত্তরা ট্রাফিক বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা জানান, মহাসড়কে যান চলাচল তখন বন্ধ হয়ে যায়।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণের কারণে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। রাজধানীর পাশাপাশি একই দাবিতে রাজশাহী, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, কুমিল্লা ও চট্টগ্রাম জেলায়ও বিক্ষোভ হয়েছে।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

দুপুর সোয়া ১২টার দিকে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে নগরীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। বেলা দেড়টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছিল।

ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কে অবরোধ

ময়মনসিংহ নগরের টাউন হল এলাকায় ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে ব্যারিকেড দিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। গতকাল দুপুর ১২টার দিকে তারা এই বিক্ষোভ করেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান শাকিল বলেন, যান চলাচলে কিছুটা সমস্যা হচ্ছে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ফরিদপুর : প্রশ্নপত্রের কঠিনতা, পরীক্ষাকেন্দ্রে অতিরিক্ত কঠোরতা, বন্যা পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণ এবং উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতি নিয়ে উদ্বেগ জানিয়ে ৫ দফা দাবিতে ফরিদপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানান। গতকাল দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে সরকারি রাজেন্দ্র কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। পরে তারা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

পথসভায় বক্তারা বলেন, চলমান বন্যা পরিস্থিতিতে দেশের বিভিন্ন অঞ্চলের অনেক পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হলেও সবার জন্য একইভাবে পরীক্ষা আয়োজন করা হয়েছে, যা বৈষম্যমূলক। বর্তমান পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি শিক্ষার্থীদের প্রকৃত মেধার সঠিক মূল্যায়ন করতে পারছে না বলেও তারা অভিযোগ করেন।

একই দিন সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসেও একই দাবিতে আলাদা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে তাদের দাবিগুলো তুলে ধরেন। বক্তারা বলেন, সা¤প্রতিক পরীক্ষার প্রশ্নপত্রের মান, পরীক্ষাকেন্দ্রে অতিরিক্ত কঠোরতা এবং ফলাফল মূল্যায়ন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। এসব বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ না নেয়া হলে আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

কর্মসূচি থেকে আজ বুধবার দুপুর ১টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়া হয়। পাশাপাশি সরকারি রাজেন্দ্র কলেজেও কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।

চট্টগ্রাম : ৭ দফা দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে এইচএসসি পরীক্ষার্থীরা। গতকাল দুপুর ১২টার দিকে নগরের ষোলশহরে অবস্থিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের সামনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। এরপর তারা সড়ক অবরোধ করেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক জহিরুল হক স্বপন বলেন, শিক্ষার্থীরা সাত দফা দাবিতে একটি আবেদন দিয়েছে। আমরা সেটি গ্রহণ করে মন্ত্রণালয়ে জানিয়েছি। বিকেল ৪টায় আবারো শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়েছে তারা। তাদের দাবি সম্পর্কে দ্রুত সিদ্ধান্ত না আসলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ যুক্ত হতে পারে বলেও আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, আমাদের পর্যাপ্ত ফোর্স মোতায়েন আছে। শিক্ষার্থীদের সঙ্গে অছাত্র বা সুযোগ সন্ধানীরা যুক্ত হয়েছে কিনা জানতে চাইলে ওসি জাহিদ বলেন, আমাদের নজরে এমন কিছু আসেনি। আমরা সতর্ক আছি।

খুলনা : দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং শিক্ষার্থীদের নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। গতকাল বিকালে নগরীর শিববাড়ি মোড় ও বিএল কলেজ মোড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে খুলনা বিশ্ববিদ্যালয়, সরকারি বিএল কলেজ, সরকারি সুন্দরবন কলেজ, সিটি কলেজ, আজম খান কমার্স কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সমাবেশ করে জেলা প্রশাসনের কাছে তাদের দাবি তুলে ধরেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বন্যাকবলিত এলাকায় স্বাভাবিক পরীক্ষার পরিবেশ নিশ্চিত না করেই এইচএসসি পরীক্ষা নেয়া হচ্ছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি জানিয়ে তারা বলেন, শিক্ষার্থীদের নিয়ে করা অবমাননাকর মন্তব্যের দায়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত।

সাভার : শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে সাভারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। গতকাল দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা এলাকার শহীদ ইয়ামিন চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। এসময় শিক্ষার্থীরা প্রায় ১ ঘণ্টা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সড়কটিতে চলাচলকারী যাত্রী ও চালকরা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এসময় শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সংস্কারের দাবি জানানোর পাশাপাশি, শিক্ষার্থীদের ‘পোল্ট্রি মুরগি’ বলে মন্তব্য এবং বন্যা পরিস্থিতির মধ্যেও পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের জন্য শিক্ষা মন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তোলেন। প্রায় ১ ঘণ্টা সড়কে অবস্থান করার পর আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ঢাকা জেলা ট্রাফিক ইন্সপেক্টর রুহুল আমিন সোহেল জানান, দুপুরে শিক্ষার্থীরা বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় প্রায় আধা ঘন্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরবর্তীতে আমরা জনগণের ভোগান্তির বিষয়টি তাদেরকে বুঝিয়ে বললে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে যায়।

বগুড়া : বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা নেয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষাসচিবের অপসারণের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১টার দিকে তারা মহানগরীর সাতমাথা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। দুপুর ১২টার দিকে মিছিলটি নগরীর সাতমাথা এলাকা থেকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে যায়। কার্যালয় প্রাঙ্গণে সমাবেশ করা হয়। সেখানে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেয়ার হুমকি দেন শিক্ষার্থীরা।

কুমিল্লা : গতকাল বেলা সোয়া ১১টার দিকে কুমিল্লা নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে কুমিল্লার সচেতন শিক্ষার্থী সমাজের ব্যানারে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

এ সময় তিন দফা দাবিতে শিক্ষার্থীরা তুমি কে আমি কে, মুরগি মুরগি, কে বলেছে কে বলেছে, শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী, ‘শিক্ষার্থীদের ন্যায্য দাবি, মানতে হবে মানতে হবে ইত্যাদি স্লোগান দেন। পরে দুপুর ১২টার দিকে কান্দিরপাড় থেকে মিছিল নিয়ে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড প্রাঙ্গণে গিয়ে তারা বিক্ষোভ করেন।

প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেয়া যাবে, পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নের জন্য পূর্ণ নম্বর

গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে আলাদা দুটি সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও গত সোমবার পরীক্ষা নেয়ার সিদ্ধান্তের বিষয়ে বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছিলেন, আবহাওয়া ভালো থাকবে। তাই পরীক্ষা বহাল রাখা হয়েছিল। পদার্থবিজ্ঞান বিষয়ের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল ছিল জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ওই দুটি প্রশ্নের জন্য শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেয়া হবে। শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের অনুরোধ করে বলব, শিক্ষার্থীরা যার যার পড়ার টেবিলে ফিরে যাক। আমরাই উদ্বিগ্ন তাদের চেয়ে বেশি, কীভাবে পরীক্ষা সঠিকভাবে নেব। কীভাবে এ দুর্যোগ মোকাবিলা করব। আমরা আশ্বাস দিচ্ছি, যেসব পরীক্ষাকেন্দ্রে ভুলত্রæটি হয়েছে, সেখানে পুনরায় পরীক্ষা নেয়ার বিধান আমাদের রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ফের ইরানের বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র

ফের ইরানের বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র

দারিদ্র্যের গলি থেকে বার্সার রাজপ্রাসাদ: লামিন ইয়ামালের অবিশ্বাস্য গল্প!

দারিদ্র্যের গলি থেকে বার্সার রাজপ্রাসাদ: লামিন ইয়ামালের অবিশ্বাস্য গল্প!

শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App