×

প্রথম পাতা

টার্মিনালে ত্রুটি

গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

 গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট

ছবি: সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউতে কারিগরি সমস্যা দেখা দেয়ায় জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। এতে শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র ও সিএনজি স্টেশনসহ বিভিন্ন শ্রেণির গ্রাহকের ওপর প্রভাব পড়েছে। কোনো কোনো এলাকায় চাপ কমে যাওয়ায় সিএনজি স্টেশনগুলো প্রয়োজনীয় পরিমাণ গ্যাস দিতে পারছে না। ফলে কয়েকটি স্থানে সিএনজি নিতে স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

গতকাল বুধবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ সম্মেলনে যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী বলেন, এফএসআরইউটির কারিগরি সমস্যা দ্রুত সমাধান করে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সংস্থা ও কারিগরি বিশেষজ্ঞরা কাজ করছেন। সীমিত সরবরাহের মধ্যে জরুরি ও অগ্রাধিকার খাতে গ্যাস দেয়া অব্যাহত রাখার চেষ্টা চলছে।

জ্বালানি বিভাগের ভাষ্য, বর্তমান সংকটের তাৎক্ষণিক কারণ এফএসআরইউটির কারিগরি সমস্যা। তবে দীর্ঘদিন ধরে জ্বালানি খাতে বেড়ে চলা আমদানিনির্ভরতার কারণেও গ্যাস সংকটের প্রভাব আরো তীব্র হয়েছে। বিগত সময়ে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানোর কাজে প্রয়োজনীয় গুরুত্ব দেয়া হয়নি। এতে আমদানি করা এলএনজির ওপর নির্ভরতা বেড়েছে। ফলে আমদানি অবকাঠামোর কোনো একটিতে সমস্যা দেখা দিলেই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ ব্যবস্থায় চাপ পড়ে।

এমন অবস্থায় আমদানি নির্ভরতা পর্যায়ক্রমে কমিয়ে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়াতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি উদ্যোগ নেয়া হয়েছে। এর অংশ হিসেবে পর্যায়ক্রমে ১০০টি কূপ খননের পরিকল্পনা করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে তথ্য দেয়া হয়।

জ্বালানি বিভাগ বলছে, বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের সভায় নোয়াখালীর বেগমগঞ্জ ও সুনামগঞ্জ এলাকায় ৭২৯ কোটি টাকা ব্যয়ে তিনটি কূপ খননের একটি প্রকল্প অনুমোদন পেয়েছে।

স্থলভাগ ও সমুদ্র এলাকায় গ্যাস অনুসন্ধান জোরদারে অংশীদারত্ব চুক্তি বা পিএসসির আওতায় দরপত্র আহ্বানের পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগ আনার কার্যক্রমও চলছে।

তবে গ্যাস অনুসন্ধান, কূপ খনন, অবকাঠামো নির্মাণ এবং বাণিজ্যিক উৎপাদন শুরু করা সময়সাপেক্ষ স্বীকার করে জ্বালানি বিভাগ বলেছে, দীর্ঘদিনের পুঞ্জীভূত সংকটের স্থায়ী সমাধান দ্রুত সম্ভব নয়। তবে সরকার বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি সরবরাহের নিরাপত্তা বাড়াতেও কয়েকটি উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে চতুর্থ ভাসমান টার্মিনাল স্থাপনে দরপত্র আহ্বান, মালয়েশিয়া থেকে আইএসও ট্যাংকে এলএনজি আমদানির সম্ভাব্যতা যাচাই এবং ভোলার গ্যাস দেশের মূল ভূখণ্ডে আনার জন্য পাইপলাইনসহ বিভিন্ন পরিবহনব্যবস্থা পর্যালোচনা।

এ ছাড়া দেশীয় গ্যাসক্ষেত্রে নতুন কূপ খনন, পুরনো কূপের ওয়ার্কওভার, উৎপাদন বৃদ্ধি এবং জ্বালানি আমদানির উৎস ও সরবরাহ অবকাঠামো বহুমুখী করার কার্যক্রম।

সংবাদ সম্মেলনে এফএসআরইউটির কারিগরি সমস্যা সমাধান হলে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছে জ্বালানি বিভাগ। এ ছাড়া সাময়িক অসুবিধার জন্য গ্রাহক ও সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছে তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মানবতাবিরোধী মামলায় ট্রাইব্যুনালে হাজির জিয়া হত্যা মামলার আসামি

মানবতাবিরোধী মামলায় ট্রাইব্যুনালে হাজির জিয়া হত্যা মামলার আসামি

মারাত্মক খাদ্য ঝুঁকিতে বাংলাদেশ, জাতিসংঘের সতর্কতা

মারাত্মক খাদ্য ঝুঁকিতে বাংলাদেশ, জাতিসংঘের সতর্কতা

দিল্লিতে সিজেপি'র বিক্ষোভে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

দিল্লিতে সিজেপি'র বিক্ষোভে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

প্রশ্নফাঁস ঠেকাতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা মোদীর

প্রশ্নফাঁস ঠেকাতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা মোদীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App