এ মাসেই হামে ১০২, ডেঙ্গুতে ২৫ জনের মৃত্যু
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
দেশে হাম ও ডেঙ্গুর প্রকোপ যেন সমান তালেই বাড়ছে। চলতি জুলাই মাসের ২৬ দিনে হাম ও এই রোগের উপসর্গে ১০২ জনের মৃত্যু হয়েছে। আর এডিস মশাবাহিত ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার হামের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
হাম ও উপসর্গে চলতি মাসেই ১০২ জনের মৃত্যু : বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে গেল ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু হয়েছে।
হামের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়া ৪ জনের মধ্যে ২ জন ময়মনসিংহের, ১ জন ঢাকা ও ১ জন সিলেটের বাসিন্দা। এই সময়ের মধ্যে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ৯৯০ শিশু। এ ছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৭০ জন। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪১ জন, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৩২ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত অর্থাৎ ১৩৩ দিনে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২০ জনে। হামের উপসর্গ নিয়ে ৭২৫ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৫ জন শিশুর মৃত্যু হয়েছে। দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৭৫৩, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫ হাজার ৪৪২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৬ হাজার ২৩৯ রোগী, যাদের মধ্যে ১ লাখ ২ হাজার ৪৬৭ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
চলতি মাসে ডেঙ্গুতে মৃত্যু ২৫ : ডেঙ্গু পরিস্থিতি নিয়ে অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। তারা ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বাসিন্দা। এই সময়ে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৪৫৮ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৯৯, চট্টগ্রাম বিভাগে ৭৮, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৬, খুলনা বিভাগে ৪৮, ময়মনসিংহ বিভাগে ২৫, রাজশাহী বিভাগে ২৬ ও রংপুর বিভাগে ১০ জন। হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ১ জানুয়ারি থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৯৮ জন। এর মধ্যে চলতি মাসে এখন পর্যন্ত ৬ হাজার ৯৯৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৩ জনের। এর মধ্যে চলতি মাসে ২৫ জন মারা গেছে। আর আর জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১ ও জুনে ১৩ জনের মৃত্যু হয়েছে।
