×

প্রথম পাতা

লাগামহীন বাড়ছে অপরাধ

Icon

আজিজুর রহমান জিদনী

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

লাগামহীন বাড়ছে অপরাধ

পুলিশের নিয়মিত অভিযানে দুর্বৃত্তদের গ্রেপ্তারের পরেও অপরাধের লাগাম টেনে ধরা যাচ্ছে না। হত্যা, মব ও সাংবাদিক নির্যাতনসহ নানা অপরাধের ঘটনা ঘটেই চলছে। এর মধ্যে গত শুক্রবার রাজধানী মিরপুরে গুলিতে যুবদল কর্মী খুন ও জনবহুল এবং ব্যস্ত এলাকা মতিঝিল মেট্রোস্টেশনের নিচে প্রাণঘাতী বিস্ফোরক উদ্ধারের ঘটনা জনমনে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও সাধারণ জনগণের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। অপরাধ বিশ্লেষকরা বলছেন, একটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফরমাল ও ইনফরমাল এই দুই নিয়ামকই ভূমিকা রেখে থাকে। কিন্তু তারা অনেকটা নমনীয় হয়ে কাজ করছে। দক্ষ অফিসারের সংকট তৈরি হয়েছে। আর এ সুযোগ কাজে লাগাচ্ছে অপরাধীরা। যদিও পুলিশ বলছে, কয়েকটি ঘটনা ঘটলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই বিষয়টি এমন নয়। এগুলো বিচ্ছিন্ন কিছু ঘটনা মাত্র। পরিস্থিতি স্বাভাবিকই রয়েছে।

গত জুন মাসে ৫৮টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৯ জন নিহত হওয়াসহ ৩৪৬ জন আহত হয়েছেন। জুন মাসে রাজনৈতিক সহিংসতায় হতাহতের সংখ্যা মে মাসের তুলনায় বেশি ছিল। গত জুন মাসে গণপিটুনি ও মব সহিংসতায় সারাদেশ চুরি, ডাকাতি, ছিনতাই, বাগ-বিতণ্ডা, আধিপত্য বিস্তার, ধর্মীয় অবমাননাসহ নানা অভিযোগে ৬৩টি ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৩১ জন ও আহত হয়েছেন ৬৯ জন। এ ছাড়া এ মাসে ট্রাফিকের দায়িত্ব পালন, অভিযানে, আসামি ছিনতাই ও স্থানীয় জনগণের মব সহিংসতায় সারাদেশে অন্তত ২৯টি ঘটনায় ৬৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত ও হামলার শিকার হন। জুন মাসে ৩৯টি ঘটনায় ৪৭ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এ সকল ঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে ২৮ জন, লাঞ্ছনার শিকার হয়েছেন ৫ জন, হুমকির সম্মুখীন হয়েছেন ৯ জন সাংবাদিক। ৫ জন সাংবাদিককে আটক করা হয়েছে। এ ছাড়া ৭টি মামলায় ১২ জন সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে। পুলিশ সদরদপ্তরের হিসেব বলছে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গত ৭২ দিনে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে প্রায় ১ লাখ ১৭ হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয় ৩২ হাজার ৯০৮ জনকে ও সাধারণ অভিযানসহ বিভিন্ন মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয় ৮৩ হাজার ৮১৭ জনকে। রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গত জুন মাসজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২ হাজার ৩১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ক্রিমিনোলজি ও পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ড. ওমর ফারুক গতকাল ভোরের কাগজকে বলেন, আসলে একটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফরমাল ও ইনফরমাল এই দুই নিয়ামকই ভূমিকা রাখে। ফরমাল সেক্টর দৃঢ়ভাবে আইন প্রয়োগে কাজ করেন। প্রয়োজনে তারা কঠোর থেকে কঠোরতর হয়। আর ইনফরমাল সেক্টর সমাজিক দায়বদ্ধতার জায়গা সৃষ্টি করে। তবে এখন এই দুই নিয়ামকই ঠিকভাবে কাজ করছে না বা করলেও নমনীয় পর্যায়ে রয়েছে। যাকে কোনোরকম কার্যক্রম চলছে আমরা বলতে পারি। এমন পরিস্থিতিতে অপরাধের লাগাম টেনে ধরা সম্ভব হচ্ছে না। অপরাধীরা সুযোগ সন্ধানী হয়ে থাকে। আর নমনীয়তার সুযোগে তারা অপরাধ করে বেড়াচ্ছে।

এখানে ফরমাল বলতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে বোঝানোর চেষ্টা করা হয়েছে উল্লেখ করে এই অপরাধ বিজ্ঞানী বলেন, অপরাধ দমনে রাষ্ট্রীয় অনেকগুলো অর্গান কাজ করে। তবে এর মধ্যে পুলিশ অন্যতম। আমরা জুলাই অভ্যুত্থানের সময় থেকেই দেখছি বাংলাদেশের পুলিশ সদস্যদের ওপর একটি বড় ঝড় বয়ে যায়। ইউনূস সরকারের আমলেও বাহিনীর মনোবল বাড়ানোসহ জনবান্ধব পুলিশিং তৈরিতে সংস্কারের নামে নানা উদ্যোগ নেয়া হলেও তা সেভাবে বাস্তবায়ন হয়নি। উল্টো চাকরি হারানোসহ পুলিশ সদস্যদের অনেকটা নমনীয় হয়ে কাজ করতে হয়েছে। যদিও বিএনপি সরকার আসার পরে আরো একবার ভালো কিছুর আশার সঞ্চার হলেও সেটিও এখন মুখ থুবড়ে পড়ার মতো অবস্থায় রয়েছে। কারণ এ সরকারও পুলিশের সিনিয়র ও দক্ষ অনেক অফিসারকেই বাধ্যতামূলক অবসরে পাঠাচ্ছে আবার অনেকের নামে বিভাগীয় মামলা চলছে। ভেতরের কারণ যাই হোক বিষয়গুলো বাহিনীর মধ্যে ভীতির সঞ্চার করছে। নমনীয়ভাব চলে এসেছে এক প্রকার তাদের মধ্যে। আর অপরাধীরা যেহেতু সুযোগ সন্ধানী হয়। তারা এ সুযোগে সক্রিয় হয়ে উঠছে স্বার্থ হাসিলে। যার ফলে আমরা দেখছি একটি নতুন সরকারের সময়ে অর্থনৈতিক ও ক্ষমতার উপযোগ থেকে নানা ধরনের অপরাধ ঘটছে। রাজনৈতিক জায়গা থেকে চাঁদাবাজি বা দখলদারিত্বের জন্য হত্যা হচ্ছে। কেউ মব করছে। এমন কি আগের মতো ফের উগ্রবাদের একটা আস্ফালন দেখানোর চেষ্টা চলছে। রাজধানীর মতিঝিল মেট্রোস্টেশনে সম্প্রতি বোমা উদ্ধারের ঘটনা এমনই ইঙ্গি দিচ্ছে। অধ্যাপক ড. ওমর ফারুক বলেন, ইনফরমাল নিয়ামক অর্থাৎ সামজিক প্রতিষ্ঠানগুলোও ফেইল করছে। কারণ সমাজেও একপ্রকার অস্থিরতা চলছে। সমাজ কার্যত ভূমিকা রাখতে পারছে না। তবে আমরা যাই বলি দৃঢ়তার সঙ্গে কঠোর ভাবে অপরাধ নিয়ন্ত্রণ এখন অনিবার্য হয়ে পড়েছে। দেরি হলে পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে উঠতে পারে বলে জানান তিনি।

যুবদল কর্মী হত্যা : গত শুক্রবার রাতে মিরপুর-১৩ এলাকায় গুলিতে যুবদল কর্মী ইউসুফ আলী পারভেজ (৪৫) নিহত হন। আহত হন মনির হোসেন ও এক সবজি বিক্রেতা। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুল ইসলাম বাবুকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। হামলায় জড়িত চারজনকে ঝিনাইদহ থেকে ভাড়া করে আনা হয়েছিল বলে পুলিশের ধারণা। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের মধ্যে রাজনৈতিক দ্ব›দ্ব, আধিপত্য বিস্তার ও আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে তদন্তে উঠে এসেছে।

চুরির অভিযোগে নারীকে তুলে এনে মারধর : গত বৃহস্পতিবার চুরির অভিযোগে ৫৬ বছর বয়সী এক নারীকে বাড়ি থেকে তুলে এনে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে ছয়গাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন মোল্যার বিরুদ্ধে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত রবিবার ভুক্তভোগীর ছেলে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

মাদক মামলার আসামি ধরতে গিয়ে এসআই ছুরিকাহত : গত শনিবার রাত ৮টার দিকে আমবাগান এলাকায় মাদক মামলার আসামি ধরতে গেলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হন ডবলমুরিং থানার এসআই মবিনুল ইসলাম। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।

গণপিটুনিতে নিহত অভিযুক্ত মাদক ব্যবসায়ী : গত শনিবার দিবাগত রাতে মুরাদপুর ইউনিয়নের ভাটেরখিল এলাকায় স্থানীয়দের গণপিটুনিতে মোহাম্মদ নুর ইসলাম (৪৫) নিহত হন। অভিযোগ রয়েছে, তার মারধরে আহত কিশোর নাঈম উদ্দিনের মৃত্যু হলে ক্ষুব্ধ জনতা তাকে পিটিয়ে হত্যা করে ও তার বাড়িতে আগুন দেয়। নুর ইসলামের বিরুদ্ধে একাধিক হত্যা ও মাদক মামলা ছিল বলে জানিয়েছে পুলিশ।

ঘরে কৃষকের গলাকাটা লাশ উদ্ধার : গতকাল রবিবার সকালে দুয়ানী দুধকুড়া পশ্চিমপাড়া এলাকা থেকে কৃষক মাহফুল মিয়ার (৩৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। জমি-সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

সাবেক মেয়র আনোয়ারুল কবিরের ওপর হামলা : গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ভেড়ামারা শহরে সন্ত্রাসী হামলার শিকার হন পৌরসভার সাবেক মেয়র ও জাসদ নেতা আনোয়ারুল কবির। ধারালো অস্ত্রের আঘাতে তার মাথায় ১১টি সেলাই দিতে হয়েছে। তিনি স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ তুললেও অভিযুক্ত তা অস্বীকার করেছেন। পুলিশ এখনো কোনো লিখিত অভিযোগ পায়নি।

ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা : গত শনিবার সন্ধ্যায় মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থী ও অটোরিকশাচালকদের সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিক আকাশ মাহমুদ। হামলাকারীরা তার মোবাইল থেকে ভিডিও মুছে দেয় বলে অভিযোগ। ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

মতিঝিল মেট্রোস্টেশনের নিচে বোমা : গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মতিঝিল স্টেশনের নিচতলায় (গ্রাউন্ড ফ্লোর) ডিজেল জেনারেটর রুমের পাশে সন্দেহজনক বস্তু দেখতে পাওয়া যায়। ঘটনাস্থলে একটি ছাতা ও একটি বালতি দেখতে পাওয়া যায়। ছাতার ভেতরে আলো জ্বলতে থাকায় বস্তুটি সন্দেহজনক বলে প্রতীয়মান হয়। মেট্রোরেলের দায়িত্বরত আনসার সদস্য বিষয়টি তাৎক্ষণিকভাবে স্টেশন কন্ট্রোলার ও এমআরটি পুলিশকে জানান। খবর পেয়ে মতিঝিল থানা-পুলিশ, এমআরটি পুলিশ ও আনসার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেন। পরে বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল, ডিএমপি ও ডিএমপির ডিবি পুলিশ ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা শেষে বোমা শনাক্ত করে ও নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সফলভাবে বোমা নিষ্ক্রিয় করে। এ ঘটনায় ওই সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। এক পথচারী আহত হন। ওইদিন রাতে মতিঝিল থানার উপপরিদর্শক মির্জা মোহাম্মদ মুক্তা বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি করেন। মামলা তদন্ত করছে মতিঝিল থানা-পুলিশের পাশাপাশি ডিএমপি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণি সাংবাদিকদের বলেন, বোমা রাখার ঘটনায় এখনো কাউকে শনাক্ত করা যায়নি। বোমার উৎস ও জড়িতদের শনাক্তে কাজ চলছে।

মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে : এদিকে এ ঘটনার পর গত শনিবার জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, রাজধানীর অন্যতম জনবহুল ও ব্যস্ত এলাকা মতিঝিল মেট্রোস্টেশনের নিচে এ ধরনের প্রাণঘাতী বিস্ফোরক বা বোমা উদ্ধারের ঘটনা চরম উদ্বেগজনক। সাধারণ মানুষের নিরাপত্তা এখন প্রশ্নের মুখে। জামায়াতের সেক্রেটারি জেনারেল তার বিবৃতিতে বলেন, এ ধরনের হীন ও দেশবিরোধী কর্মকাণ্ডের মূল উদ্দেশ্যই হলো জনমনে আতঙ্ক সৃষ্টি করা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে এক গভীর সংকটের দিকে ঠেলে দেয়া। দেশের শান্তিশৃঙ্খলা-স্থিতিশীলতা বিনষ্ট করার যেকোনো দেশবিরোধী চক্রান্ত-অপতৎপরতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সব সময় সজাগ ও তৎপর থাকতে হবে বলে মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব। মেট্রোস্টেশনসহ সারাদেশের গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে নিরাপত্তাব্যবস্থা আরো জোরদার করতে সরকারের প্রতি জোর দাবিও জানান তিনি।

পুলিশ সদরদপ্তরের মুখপাত্র এআইজি মিডিয়া এএইচএম শাহাদাত হোসাইন ভোরের কাগজকে বলেন, কয়েকটি ঘটনা ঘটলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই বিষয়টি এমন নয়। এগুলো বিচ্ছিন্ন কিছু ঘটনা মাত্র। নিয়মিত অভিযানে অপরাধীদের গ্রেপ্তার তরে আইনের আওতায় আনা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ সর্বাত্মক সচেষ্ট রয়েছে। মেট্রোস্টেশনের ঘটনাটি তদন্তাধীন তাই কিছু বলা যাচ্ছে না। ঢাকা মেট্রোপলিটন পুলিশের একাধিক টিম এ নিয়ে কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মালদ্বীপের সামরিক প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের সামরিক প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম

দেশের ১৩ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ১৩ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

অনলাইন বা অফলাইনে প্রতারণার শিকার হলে যা করবেন

অনলাইন বা অফলাইনে প্রতারণার শিকার হলে যা করবেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App