×

প্রথম পাতা

দুয়ার খুলছে মালয়েশিয়ার, শ্রমিক যাবে চলতি মাসেই

Icon

হরলাল রায় সাগর

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দুয়ার খুলছে মালয়েশিয়ার, শ্রমিক যাবে চলতি মাসেই

অবশেষে দুয়ার খুলছে মালয়েশিয়ার শ্রমবাজারের। দুই বছরেরও বেশি সময় পর চলতি আগস্টের শেষ সপ্তাহ থেকে বাংলাদেশের শ্রমশক্তি পাঠানো শুরু হবে। দুই দেশের সরকার ইতোমধ্যে রূপরেখা তৈরি করেছে। নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা, যাওয়ার খরচ সীমিত রাখা, অভিবাসন ব্যয় কমানোসহ অন্যান্য কার্যপদ্ধতিকে গুরুত্ব দেয়া হচ্ছে। রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেট ও অস্বচ্ছতার বিরুদ্ধে শক্ত অবস্থানের কথা জানিয়েছে সরকার। মালয়েশিয়া সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের দুই মাসের মাথায় কর্মী পাঠানোর পথ উন্মুক্ত হলো।

এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশ মালয়েশিয়া বাংলাদেশের অভিবাসী শ্রমিকদের অন্যতম প্রধান গন্তব্য। বাংলাদেশিরা সেখানে মূলত উৎপাদনশিল্প, নির্মাণ, পাম অয়েল বাগান, কৃষি, সেবা খাত ও পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন। গত বছরের আগস্টে মালয়েশিয়া সরকার জানিয়েছিল, দেশটিতে ৮ লাখের বেশি বাংলাদেশি বৈধভাবে কাজ করছেন। এ সংখ্যা দেশটির মোট বিদেশি শ্রমশক্তির ৩৭ শতাংশ, যা সর্বোচ্চ। এছাড়া অনিয়মিত (অবৈধ) হয়ে পড়া আরো কয়েক হাজার বাংলাদেশি সেখানে রয়েছেন বলে ধারণা করা হয়। তবে সিন্ডিকেটের দৌরাত্ম্য, অতিরিক্ত টাকা আদায়, অতিরিক্ত অভিবাসন ব্যয়, নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা, দুর্নীতি, কাজ ও বেতন না পাওয়া, মামলা এবং সীমিত সংখ্যক রিক্রুটিং এজেন্সির আধিপত্যের কারণে অনেক কর্মী সেখানে ভোগান্তির শিকার হন।

বিভিন্ন সময়ে নানামুখী সংকটের মুখে পড়ে শ্রমবাজারটি। বন্ধ হয়ে যায় শ্রমবাজার। তবে দুই দেশের সরকারের তৎপরতায় অল্প সময়ে তা খুলেও দেয়া হয়। কিন্তু এই টানাপোড়েনের মধ্যে সর্বশেষ ২০২৪ সালের ৩১ মে বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজারটি। কলিং ভিসা, নিয়োগানুমতি, বিএমইটির ছাড়পত্রসহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও প্রায় ১৮ হাজার শ্রমিক মালয়েশিয়া যেতে পারেননি।

পরবর্তীতে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের যথাযথ কূটনৈতিক উদ্যোগের অভাবে দেশটির শ্রমবাজার পুনরুদ্ধার সম্ভব হয়নি। ওই সময়ে দুই দেশের সরকারপ্রধান পর্যায় থেকে শুরু করে সরকারের উচ্চ পর্যায়ে দফায় দফায় দ্বিপক্ষীয় বৈঠক ও সফরের পরও শ্রমবাজারটি খোলা যায়নি। এক্ষেত্রে সরকারের সিদ্ধান্তহীনতা ও ঢালাও মামলার প্রভাবকে দায়ী করেন সংশ্লিষ্টরা। তবে বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় এসে মালয়েশিয়ার দ্বিতীয় বড় বাংলাদেশের শ্রমবাজার চালুর উদ্যোগ নেয়। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে মালয়েশিয়া সফর করেন। দেশটির মানবসম্পদমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকে দ্রুত সময়ের মধ্যে স্বচ্ছতার সঙ্গে শ্রমবাজার খোলার বিষয়ে দেশটি সম্মত হয় বলে যৌথ বিবৃতিতে জানানো হয়। শ্রমিক নিয়োগে মানবপাচার-সংক্রান্ত অপ্রমাণিত মামলা ও চলমান তদন্ত নিষ্পত্তিসহ বিভিন্ন শর্তে পুনরায় শ্রমবাজার খুলে দেয়ার কথাও বলা হয়। ওই সময় মাহদী আমিন জানিয়েছিলেন, সিন্ডিকেট ভেঙে স্বল্প খরচে, স্বচ্ছ প্রক্রিয়ায় শ্রমবাজারটি চালু করার বিষয়ে দুই দেশ একমত হয়েছে।

এরপর গত জুন মাসে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২২ জুন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। এরপর মালয়েশিয়ার শ্রমবাজার চালুর বিষয়টির গতি পায়।

তখন তারেক রহমান বলেছিলেন, মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি কর্মী, শিক্ষার্থী, পেশাজীবী ও উদ্যোক্তারা দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। তাদের এই অবদান আমাদের উভয় দেশের অর্থনীতি ও সমাজকে সমৃদ্ধ করছে। আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আরো বেশিসংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনা করতে এবং যত দ্রুত সম্ভব শ্রমবাজার খুলে দেয়ার অনুরোধ জানিয়েছি। বৈঠকে তারা একমত হয়েছেন যে, কর্মী নিয়োগপ্রক্রিয়া যেন স্বচ্ছ, সুষ্ঠু ও সাশ্রয়ী হয় এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে খরচ কমে আসে। তিনি মালয়েশিয়ায় অনিয়মিত কর্মীদের নিয়মিত (বৈধ) করা এবং আটক বাংলাদেশিদের সম্ভব হলে দেশে ফেরত পাঠানোর বিষয়টিও তুলে ধরেছেন বলেও জানিয়েছেন।

শ্রমবাজার চালুর বিষয়ে আবারো মালয়েশিয়া সফর করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন। তাদের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ২৮-৩০ জুলাই থেকে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী রামানন রামাকৃষ্ণনসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন। সেখানে ৩০ জুলাই এক সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেছেন, দুই দেশ একটি নতুন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কাঠামোর আওতায় শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে। আগস্টের শেষ সপ্তাহ নাগাদ বাংলাদেশি কর্মীদের প্রথম ব্যাচ মালয়েশিয়ায় যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কর্মী পাঠানোকে অগ্রাধিকার দেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে বিদ্যমান সমঝোতা স্মারকের আওতায় নিয়মতান্ত্রিক জটিলতা কমিয়ে নিয়োগ প্রক্রিয়াকে আরো কার্যকর ও প্রতিযোগিতামূলক করার লক্ষ্যে কাজ চলছে। এতে ব্যয় কমানো, দক্ষতা বৃদ্ধি এবং স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় মালয়েশিয়া সরকারের কাছে ৪২৩টি রিক্রুটিং এজেন্সির তালিকা পাঠানো হয়েছিল। বিদ্যমান সমঝোতা স্মারকের আওতায় মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজস্ব যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্তভাবে কতটি এজেন্সি অনুমোদন পাবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, বাংলাদেশ সরকার মালয়েশিয়া কর্তৃপক্ষকে স্পষ্টভাবে জানিয়েছে যে, দুর্নীতি, অনিয়ম, সিন্ডিকেটভিত্তিক কার্যক্রম বা আগের সরকারের সময়ে সংঘটিত অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নতুন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার বিষয়ে সরকার সমর্থন করবে না। সরকারের লক্ষ্য হচ্ছে একটি উন্মুক্ত, প্রতিযোগিতামূলক, জবাবদিহিমূলক এবং সিন্ডিকেটমুক্ত নিয়োগব্যবস্থা প্রতিষ্ঠা করা, যাতে সাধারণ কর্মীরা কম খরচে এবং হয়রানিমুক্তভাবে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ পান। কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশ ও মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দুই দেশের হাইকমিশন এবং কারিগরি পর্যায়ের কর্মকর্তারা প্রক্রিয়াগত বিষয়গুলো চূড়ান্ত করবেন বলেও জানান মাহদী আমিন। তিনি বলেন, অভিবাসন ব্যয়, নিয়োগপ্রক্রিয়া এবং নতুন কার্যপদ্ধতি সম্পর্কে পরবর্তী পর্যায়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।

দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়ে মাহদী আমিন বলেন, শ্রমবাজার খুলে যাওয়ার সুযোগে দালাল ও অসাধু চক্র সক্রিয় হতে পারে। এ বিষয়ে দেশে ফিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে, যাতে সাধারণ মানুষ প্রতারণার শিকার না হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অন্যের ভুলে শাস্তি ঘাড়ে নিলেন নেইমার

নতুন নিয়ম অন্যের ভুলে শাস্তি ঘাড়ে নিলেন নেইমার

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App