×

শেষের পাতা

চার গুণী ব্যক্তির স্মরণে সেমিনার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চার গুণী ব্যক্তির স্মরণে সেমিনার

কবি আবুল হাসান, অনুবাদক ও শিক্ষাবিদ মোহাম্মদ হারুন-উর-রশিদ, শিশুসাহিত্যিক ফয়েজ আহ্মদ এবং কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস- গুণী এই চার ব্যক্তির স্মরণে সেমিনার আয়োজন করেছে বাংলা একাডেমি। গতকাল শনিবার সকাল থেকে একাডেমির সৈয়দ ওয়ালীউল্লাহ্ সভাগৃহে সেমিনার সিরিজ শুরু হয় সকাল সাড়ে ১০টায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।

অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, বাংলা একাডেমির সেমিনার সিরিজ ২০২৫-২০২৬ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলা একাডেমিতে এবং একাডেমির সহযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিল্প-সাহিত্য-সংস্কৃতি জগতের গুণীজনদের নিয়ে বেশ কিছু সেমিনার অনুষ্ঠিত হলো। এরই ধারাবাহিকতায় কবি আবুল হাসান, অনুবাদক ও গবেষক মোহাম্মদ হারুন-উর-রশিদ, শিশুসাহিত্যিক ফয়েজ আহ্মদ এবং কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসকে নিয়ে আমাদের নির্ধারিত আলোচনা। আশা করা যায়, এর মধ্য দিয়ে আলোচিত গুণীজনদের জীবন ও কৃতি বিষয়ে কিছুটা হলেও নতুন আগ্রহ ও জিজ্ঞাসা তৈরি হবে।

কানিজ মওলা বলেন, বাংলা একাডেমি এই সেমিনার সিরিজে বহু গুরুত্বপূর্ণ কবি-লেখক-বুদ্ধিজীবী এবং সংস্কৃতিসাধকদের নিয়ে আলোচনার ব্যবস্থা করেছে যা আমাদের বুদ্ধিবৃত্তিক বিকাশ ও সাংস্কৃতিক সমৃদ্ধির জন্য বিশেষ তাৎপর্য বহন করে। আমরা আশা করি, এর মধ্য দিয়ে শিল্প-সংস্কৃতির গুণীজনদের জীবন ও কর্ম সম্পর্কে জনপরিসরে স্বচ্ছ ধারণা তৈরি হবে এবং তাদের পথরেখা অনুসরণ করে নতুন বাংলাদেশ নির্মিত হবে।

‘নীরবতায় সবচেয়ে স্পষ্ট, উজ্জ্বল মুখ : আবুল হাসান’ শীর্ষক প্রথম সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও সমালোচক মৃদুল মাহবুব। আলোচনায় অংশ নেন কবি ও প্রাবন্ধিক সৈকত হাবিব। সভাপ্রধানের দায়িত্ব পালন করেন কবি ও গবেষক অধ্যাপক সুমন সাজ্জাদ।

বক্তারা বলেন, আবুল হাসান বাংলা কবিতার এক বিশেষ আলোকস্তম্ভ। স্বল্পায়ু জীবনে আমাদের কবিতাভুবনে তিনি দীর্ঘস্থায়ী প্রভাব রেখে গেছেন। তবে এখন তাকে কেবল আবেগের পরিসরে অবলোকন না করে সুচারু বিশ্লেষণের অবকাশ রয়েছে। ব্যক্তিমানুষের আর্ত মনোলোকের পাশাপাশি সমষ্টিমানুষের চিরায়ত আর্তনাদকে তিনি যে সোনালি নন্দনে পরিস্ফুট করেছেন তার মর্মমূল সন্ধান করতে হবে আমাদের কবিতার ইতিহাস অনুধাবনের প্রয়োজনেই।

দ্বিতীয় পর্বে ‘মোহাম্মদ হারুন-উর-রশিদ : নিভৃতিমগ্ন সাহিত্যসাধক’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও সম্পাদক হাসান হাফিজ। আলোচনায় অংশ নেন কবি ড. সরকার আমিন। সভাপ্রধানের দায়িত্ব পালন করেন প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক মাসরুর শাহিদ হোসেন।

বক্তারা বলেন, মোহাম্মদ হারুন উর রশিদ ছিলেন ধীমান গবেষক, প্রাবন্ধিক ও অনুবাদক। সহজিয়া দর্শনে স্নাত ছিল তার মনোলোক। বাংলা কবিতার ইংরেজি অনুবাদে তিনি যেমন অনন্য তেমনি বাংলা কবিতা ও সামগ্রিক সাহিত্য নিয়েও তিনি ভাবনাসঞ্চারী প্রবন্ধ-গবেষণায় নিষ্ঠ ছিলেন আমৃত্যু। বাংলা একাডেমির মহাপরিচালক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি যে অসাধারণ দক্ষতা ও উদ্ভাবনময়তার পরিচয় দিয়েছেন তা কখনো ভুলবার নয়।

তৃতীয় পর্বে ‘ফয়েজ আহ্মদের ছড়া’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও গবেষক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ। আলোচনায় অংশ নেন সাহিত্যিক ও গবেষক অধ্যাপক খালেদ হোসাইন। সভাপ্রধানের দায়িত্ব পালন করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

বক্তারা বলেন, ফয়েজ আহ্মদ বাংলাদেশের ছড়াসাহিত্যে এক কিংবদন্তির নাম। তিনি সমকালীন অসঙ্গতিকে ছড়ার অস্ত্রে তীব্রভাবে বিদ্ধ করে সমস্ত কলুষ ও তমসের বিরুদ্ধে লড়াই করে গেছেন। শিশুকিশোরমনের চিরকালীন ঘরে তিনি ছড়াকার হিসেবে শক্তিশালী আসন অধিকার করে আছেন। নির্মল আনন্দের পাশাপাশি শিক্ষার আলোয় নতুন প্রজন্মকে গড়বার জন্য তার সাহিত্যপ্রয়াস কখনো ভুলবার নয়। উত্তরকালের নবীনদের জন্য একটি সুস্থ-সুন্দর পৃথিবী প্রতিষ্ঠার মানসেই তিনি রাজপথে নেমেছেন, প্রগতির আগামীকে সম্প্রসারিত করেছেন।

চতুর্থ পর্বে ‘মেলায় হারানো ‘পবিত্র পাগল’ও তার খোয়াবনামা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও প্রাবন্ধিক ফারুক ওয়াসিফ। আলোচনায় অংশ নেন গবেষক ও প্রাবন্ধিক অধ্যাপক হাসান আল জায়েদ। সভাপ্রধানের দায়িত্ব পালন করেন অনুবাদক ও গবেষক অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস।

বক্তারা বলেন, বাংলা কথাসাহিত্যের এক হরিণ্ময় নক্ষত্র আখতারুজ্জামান ইলিয়াস। তার কথাশিল্পের মাটি, মানুষ এই জনপদের অকথিত আখ্যান অনন্যসাধারণ ভঙ্গিতে বয়ান করে চলে পাঠকের কাছে। গল্প ও উপন্যাসে ইলিয়াস পুরান ঢাকা থেকে গ্রামগহীনের জীবনঘেঁষা কথাকে শিল্প করে তুলেন অনায়াস দক্ষতায়। আখতারুজ্জামান ইলিয়াসের কথাসাহিত্যে বাংলার মানুষের সুদীর্ঘ লড়াকু ইতিহাস লাভ করেছে কালোত্তীর্ণ শিল্পভাষা।

সেমিনার সিরিজের পর্বসমূহ সঞ্চালনা করেন বাংলা একাডেমির উপপরিচালক ইমরুল ইউসুফ ও সহপরিচালক (চলতি দায়িত্ব) ড.মাহবুবা রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিগ্রির ব্যবসা বন্ধ করে কর্মমুখী শিক্ষা নিশ্চিত করা হবে

ববি হাজ্জাজ ডিগ্রির ব্যবসা বন্ধ করে কর্মমুখী শিক্ষা নিশ্চিত করা হবে

শিশুর স্বাভাবিক আচরণে কেন বিরক্ত হন বাবা-মায়েরা?

শিশুর স্বাভাবিক আচরণে কেন বিরক্ত হন বাবা-মায়েরা?

অস্ট্রিয়া-আলজেরিয়ার রুদ্ধশ্বাস ড্র, বিশ্বকাপ থেকে ছিটকে গেলো ইরান

অস্ট্রিয়া-আলজেরিয়ার রুদ্ধশ্বাস ড্র, বিশ্বকাপ থেকে ছিটকে গেলো ইরান

টিউলিপের বিরুদ্ধে মামলার শুনানি পেছাল

ফ্ল্যাট জালিয়াতি টিউলিপের বিরুদ্ধে মামলার শুনানি পেছাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App