শিক্ষার্থীদের চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন
শুধু ভালো ফলাফল নয়, হতে হবে আদর্শ মানুষ
চট্টগ্রাম অফিস
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
‘শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।’ শনিবার (২৭ জুন) নগরীর পাথরঘাটা সিটি করপোরেশন কলেজের অডিটরিয়ামে আয়োজিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, অবসরপ্রাপ্ত তিনজন শিক্ষকের সম্মাননা প্রদান অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত এ মন্তব্য করেন। চসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন। স্বাগত বক্তব্য দেন পাথরঘাটা সিটি করপোরেশন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফরহাদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করলে সফলতা অর্জন সম্ভব। বর্তমান শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব দেবে। তাই জ্ঞান অর্জনের পাশাপাশি সততা, মানবিকতা ও দায়িত্ববোধকে ধারণ করতে হবে।’
তিনি আরো বলেন, ‘যেসব শিক্ষক দীর্ঘদিন নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষা বিস্তারে অবদান রেখেছেন, তাদের অবদান কখনোই ভোলার নয়।
অবসর গ্রহণ মানেই দায়িত্বের সমাপ্তি নয়; তাদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা সমাজকে আলোকিত করতে অনুপ্রেরণা জোগাবে।’
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত তিনজন শিক্ষককে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। একই সঙ্গে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীন সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, চট্টগ্রাম সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, অভিভাবক এবং সুধীজন উপস্থিত ছিলেন।
