রাজধানীতে একই পরিবারের ৩ জন ছুরিকাহত
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
রাজধানীর বনানীতে নারীসহ একই পরিবারের তিনজনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার মহাখালীর ওয়্যারলেস শিশু মেলা স্কুলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।
আহতরা হলেন- সুমন মিয়া (৪৫), তার স্ত্রী সোনিয়া (৩৮) ও সোনিয়ার ভাই রাসেল (৪০)।
জানা গেছে, সুমন মিয়ার সঙ্গে আরিফ নামের একজনের সঙ্গে টাকা দেনা-পাওনা নিয়ে বিরোধ চলছিল। শনিবার এই নিয়ে সুমন ও আরিফের সঙ্গে টাকা চাওয়ার এক পর্যায়ে কথা কাটাকাটি হয়। এরপর আরিফসহ ৮ থেকে ১০ জন মিলে সুমন, সোনিয়া ও রাসেলকে মারধর করে ছুরিকাঘাতের পর আহত করে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে তাদের সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। আহত সুমন তার পরিবার নিয়ে মহাখালী টিঅ্যান্ডটি কলোনিতে বসবাস করেন।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জানে আলম জানান, টাকা-পয়সা দেনা-পাওনা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে। এ ছাড়া অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্তের পর জানা যাবে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আহতরা ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
