×

শেষের পাতা

বেশি দরে কেনা হচ্ছে দুই কার্গো এলএনজি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বেশি দরে কেনা হচ্ছে দুই কার্গো এলএনজি

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে আরো দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে এই এলএনজি কিনতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৩৭ কোটি টাকা। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি স্তিমিত হওয়ায় জ্বালানি মূল্য কমার সম্ভাবনা তৈরি হলেও গত সপ্তাহের চেয়ে বেশি দরে কিনতে হচ্ছে এলএনজি।

গত সপ্তাহে একই পরিমাণ এলএনজি কিনার দর ধরা হয়েছিল ১ হাজার ৩৫৫ কোটি টাকা, যা গত দুই মাসে এলএনজি আমদানির গড় খরচের তুলনায় কিছুটা কম ছিল।

গতকাল বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সংক্রান্ত প্রস্তাবের আংশিক অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ ছাড়া সভায় সরকার-টু-সরকার (জিটুজি) ব্যবস্থায় ইউরিয়া সার আমদানি, বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি (বিওএফ) সম্প্রসারণের জন্য শিল্প জমি হস্তান্তর এবং দুটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কয়লার মূল্য নির্ধারণ পদ্ধতিতে সংশোধনীসহ তিনটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে গত মার্চ থেকে এলএনজির দাম বাড়তে বাড়তে প্রতি কার্গো ৮০০ কোটি টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তবে গত সপ্তাহে এলএনজি আমদানির জন্য কার্গো প্রতি গড় খরচ ৭০০ কোটি টাকার নিচে নামার তথ্য দেয় সরকার। কিন্তু এর এক সপ্তাহের মাথায় আবার গড় খরচা ৭০০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার তথ্য দিল সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

বুধবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপি সিঙ্গাপুর এবং যুক্তরাজ্যের টোটাল অ্যানার্জিস গ্যাস এন্ড পাওয়ার থেকে নতুন এই দুই কার্গো এলএনজি আনা হবে। এর আগে ২৪ জুন সিঙ্গাপুরের অ্যারামকো ট্রেডিং এবং গানভর সিঙ্গাপুরের কাছ থেকে আলাদাভাবে দুই কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত হয়েছিল।

১৭ জুন ক্রয় কমিটির সভায় একই প্রক্রিয়ায় তিন কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নেয়া হয়। তখন সিঙ্গাপুরভিত্তিক ভাইটল এশিয়া এবং অ্যারামকো ট্রেডিং সিঙ্গাপুরের মাধ্যমে দুই কার্গো এবং যুক্তরাজ্যভিত্তিক টোটাল অ্যানার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের মাধ্যমে এক কার্গো কেনার সিদ্ধান্ত হয়েছিল। সে জন্য সরকারের ব্যয় ধরা হয় ২ হাজার ১১২ কোটি টাকা। অর্থাৎ এক কার্গোর মূল্য ঠিক হয়েছিল গড়ে ৭০০ কোটি টাকার বেশি।

তার আগে জুনের শুরুতে ও মে মাসে যত এলএনজি আমদানির সিদ্ধান্ত হয়েছে, তার গড় দাম ছিল আরো বেশি।

এদিকে ক্রয় কমিটির বুধবারের সভায় যুক্তরাষ্ট্র থেকে দুই লাখ ২০ হাজার টন এবং আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আরো ৫০ হাজার টন গম আমদানির সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি কানাডা ও রাশিয়া থেকে ৭৫ হাজার টন এমওপি সার কেনায় সায় দিয়েছে কমিটি।

প্রস্তাব অনুযায়ী, দেশের কৃষি খাতে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানির সঙ্গে ইউরিয়া সার আমদানির জন্য একটি চুক্তি স্বাক্ষর করবে।

এ ছাড়া, সিসিইএ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে। যার আওতায় বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) অধীন জলিল টেক্সটাইল মিলস লিমিটেডের সম্পত্তি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে।

চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত এই শিল্প সম্পত্তি বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির (বিওএফ) পরিকল্পিত সম্প্রসারণে ব্যবহার করা হবে। যা দেশের প্রতিরক্ষা উৎপাদন অবকাঠামোকে আরও শক্তিশালী করবে।

বিদ্যুৎ খাতে, চট্টগ্রামের বাঁশখালীতে এসএস পাওয়ার-১ লিমিটেডের নির্মিত ২৬১২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানি লিমিটেডের ৩০৭ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে প্রযোজ্য কয়লার মূল্য নির্ধারণ পদ্ধতিতে সংশোধনী অনুমোদন দিয়েছে কমিটি।

এসব অনুমোদনের ফলে দেশের কৃষি খাতে সারের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত হবে, প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা সম্প্রসারণ এবং কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের আর্থিক কাঠামো আরও কার্যকর ও সুশৃঙ্খল হবে বলে আশা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বক্স অফিসে ব্যর্থ, ইউটিউবে ইতিহাস গড়ল ‘খুনখার’

বক্স অফিসে ব্যর্থ, ইউটিউবে ইতিহাস গড়ল ‘খুনখার’

ময়লার স্তূপে মিললো নবজাতকের মরদেহ

ময়লার স্তূপে মিললো নবজাতকের মরদেহ

বিশ্বকাপ জিতলেই চাঁদে ফুটবল পাঠাবে নাসা

বিশ্বকাপ জিতলেই চাঁদে ফুটবল পাঠাবে নাসা

দর্শকদের ১ মিলিয়ন ডলারের ফ্রি পিৎজা দেবে ডেমিনোজ

বিশ্বকাপে লাল কার্ড দর্শকদের ১ মিলিয়ন ডলারের ফ্রি পিৎজা দেবে ডেমিনোজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App