নতুন ইউনিফর্মে পুলিশ
পুরনো খাকি-গাঢ় নীলে দায়িত্ব পালন শুরু
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
দীর্ঘ আলোচনা, বিতর্ক ও দুই দফা পরিবর্তনের পর আবারো বদলে গেল বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম। গতকাল বুধবার থেকে দেশের বিভিন্ন স্থানে গাঢ় নীল শার্ট ও খাকি রঙের প্যান্টের নতুন পোশাকে দায়িত্ব পালন করতে দেখা গেছে পুলিশ সদস্যদের। সরকার পরিবর্তনের পর নেয়া সিদ্ধান্ত অনুযায়ী এই ইউনিফর্মই এখন পর্যায়ক্রমে সারা দেশে চালু হচ্ছে।
গতকাল বুধবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে নতুন ইউনিফর্মে উপস্থিত হন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। এ সময় তাকে গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্টে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদকে হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্টে দেখা যায়।
ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ জানান, গতকাল বুধবার থেকেই নতুন পোশাক পরা শুরু করেছেন পুলিশ সদস্যরা। তবে এখনো সব সদস্যের হাতে নতুন ইউনিফর্ম পৌঁছেনি। পর্যায়ক্রমে সবাই নতুন পোশাক পাবেন ও তখন পুরো বাহিনী একই ইউনিফর্মে দায়িত্ব পালন করবে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের ব্যাপক সংস্কারের দাবির অংশ হিসেবে ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী গত বছরের ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় শার্টের রং লোহা-ধূসর এবং প্যান্টের রং কফি-বাদামি ধূসর নির্ধারণ করা হয়। পরে ২৫ নভেম্বর সেই নতুন পোশাকে মাঠে নামে পুলিশ।
তবে ওই ইউনিফর্ম নিয়ে শুরু থেকেই বাহিনীর বিভিন্ন পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেক সদস্য নতুন রঙের পোশাক নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। সরকার পরিবর্তনের পর আবারও ইউনিফর্ম পরিবর্তনের দাবি জোরালো হলে গত ১৮ জুন পুলিশ সদর দপ্তর নতুন প্রজ্ঞাপন জারি করে।
নতুন প্রজ্ঞাপনে পুলিশের শার্ট, প্যান্ট, জার্সি, কার্ডিগান, পুলওভার, জ্যাকেট, নারী সদস্যদের পোশাক, মাথার আবরণ ও পূর্ণহাতা ইউনিফর্মের রঙে পরিবর্তন আনা হয়। নির্দেশনা অনুযায়ী, জেলা পুলিশ ও এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র?্যাব ছাড়া অন্যান্য ইউনিটের সদস্যদের জন্য খাকি রঙের টিসি টুইল কাপড়ের ট্রাউজার এবং গাঢ় নীল টিসি প্লেইন ফেব্রিকের শার্ট নির্ধারণ করা হয়েছে। শার্টে চারটি পকেট এবং সামনে সমান দূরত্বে সাতটি বোতাম থাকবে।
নারী পুলিশ সদস্যদের ইউনিফর্মেও নতুন নির্দেশনা যুক্ত করা হয়েছে। জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের নারী সদস্যরা গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ পরতে পারবেন। মহানগর পুলিশের সদস্যদের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ নির্ধারণ করা হয়েছে। এছাড়া ইচ্ছা করলে অনুমোদিত গাঢ় নীল মাথার আবরণ ব্যবহার করা যাবে। ট্রাফিক ইউনিটে কর্মরত নারী সদস্যরা সারাবছর পূর্ণহাতা শার্ট বা ব্লাউজ পরতে পারবেন। গর্ভাবস্থায় সংশ্লিষ্ট ইউনিটপ্রধানের পূর্বানুমোদন নিয়ে সাধারণ পোশাক ব্যবহারের সুযোগও রাখা হয়েছে।
প্রজ্ঞাপনে মৌসুমভিত্তিক ইউনিফর্ম ব্যবহারের নির্দেশনাও দেয়া হয়েছে। গ্রীষ্মকালে অর্ধহাতা ও শীতকালে পূর্ণহাতা শার্ট পরতে হবে। নতুন নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে বাহিনীর সব সদস্যকে ধাপে ধাপে একই ইউনিফর্মের আওতায় আনা হবে।
