কুয়েত প্রবাসী
বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখার আহ্বান
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কুয়েত প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে দেশটির দূতাবাস। স্থানীয় সময় শুক্রবার রাতে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়। কুয়েত প্রবাসীদের বাইরে চলাচলের সময় সিভিল আইডি বা বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বড় ধরনের দুর্ঘটনা এড়াতে কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে হাসাবিয়া ও আব্বাসিয়া এলাকার বিভিন্ন ভবন থেকে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীদের সরিয়ে নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এ ছাড়া উচ্ছেদ হওয়া প্রবাসীদের জন্য হাসাবিয়া এলাকার একটি সরকারি বিদ্যালয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে।
আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছে দূতাবাসের একটি প্রতিনিধি দল। দূতাবাসের কাউন্সিলর ও মিশন প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান এবং শ্রম কল্যাণ শাখার কাউন্সেলর শোয়াইব-উল-ইসলাম তরফদারের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রবাসীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেয়। পাশাপাশি স্থানীয় কুয়েতি কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করে তারা।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, বৈধ কাগজপত্র থাকা প্রবাসীদের যাচাই-বাছাই শেষে আশ্রয়কেন্দ্র ত্যাগের অনুমতি দেয়া হচ্ছে। তবে অবৈধভাবে অবস্থানকারীদের ডিপোর্টেশন সেন্টারের মাধ্যমে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।
কুয়েতি কর্মকর্তারা প্রতিনিধি দলকে জানান, মেয়াদোত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ এবং অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে। একই ধরনের অভিযান দেশটির অন্যান্য এলাকাতেও চালানোর প্রস্তুতি চলছে। এ ছাড়া, সাময়িক আশ্রয়কেন্দ্রে থাকা ব্যক্তিরা প্রয়োজনীয় প্রমাণপত্র দেখিয়ে সেখানে অবস্থান করতে পারলেও কর্মস্থলে যাওয়া বা অন্য কোনো কারণে বাইরে বের হতে পারবেন না। পরিস্থিতি বিবেচনায় কুয়েতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের আবাসনসংক্রান্ত সব বৈধ কাগজপত্র হালনাগাদ রাখার এবং বাইরে চলাচলের সময় অবশ্যই বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
