×

শেষের পাতা

বস্ত্রশিল্পের সমস্যা দ্রুত সমাধানে কমিটি গঠনে নির্দেশ প্রধানমন্ত্রীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বস্ত্রশিল্পের সমস্যা দ্রুত সমাধানে  কমিটি গঠনে নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

দেশের বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যা দ্রুত পর্যালোচনা ও সমাধানে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বুধবার সকালে সচিবালয়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাতে দেশের বস্ত্রশিল্পের বর্তমান পরিস্থিতি, রপ্তানি সম্ভাবনা এবং এ খাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি জানান, বৈঠকে বিটিএমএর নেতারা বস্ত্রশিল্পের বিভিন্ন সমস্যা, প্রতিবন্ধকতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী অত্যন্ত মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শুনেছেন। তিনি বিদ্যমান সমস্যাগুলো পর্যালোচনা ও সমাধানে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

উপ-প্রেস সচিব বলেন, এই কমিটি বস্ত্রশিল্পের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধিতে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করে সরকারের কাছে সুপারিশ দেবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

বৈঠকে বিটিএমএ নেতারা দেশের বস্ত্রশিল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি এই শিল্পের বিকাশের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর বিভিন্ন প্রস্তাব দেন।

প্রধানমন্ত্রী দেশের শিল্পায়ন, কর্মসংস্থান এবং রপ্তানি আয় বৃদ্ধিতে বস্ত্রশিল্পের অবদানের প্রশংসা করেন এবং এ খাতের উন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, সহসভাপতি শামীম ইসলাম, সাবেক সভাপতি এ. মতিন চৌধুরী, সাবেক পরিচালক সৈয়দ এনায়েত কবির ও রাজীব হায়দার, বর্তমান পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব ও বাদশা মিয়া, আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান হেলাল মিয়া এবং মুন্নু ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক সামিউল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন।

বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। গতকাল বুধবার বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ হয়েছে বলে জানিয়েছেন তার উপপ্রেস সচিব হাসান শিপুল। তিনি বলেন, বিদায়ী নৌপ্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।

বিদায়ী নৌবাহিনী প্রধানের কর্মজীবনের সাফল্য, বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং পেশাদার বাহিনী হিসেবে নৌবাহিনীকে আরো শক্তিশালী করতে তার দূরদর্শী নেতৃত্ব ও অবদানের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।

একই সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতা, দিকনির্দেশনা ও আন্তরিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বলে জানান উপপ্রেস সচিব। প্রধানমন্ত্রী পরে বিদায়ী নৌপ্রধানকে নিয়ে মধ্যাহ্নভোজ করেন। ২০২৩ সালের ২৪ জুলাই নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন ভাইস অ্যাডমিরাল এম নাজমুল হাসান। আজ ২৩ জুলাই তিনি নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মানবতাবিরোধী মামলায় ট্রাইব্যুনালে হাজির জিয়া হত্যা মামলার আসামি

মানবতাবিরোধী মামলায় ট্রাইব্যুনালে হাজির জিয়া হত্যা মামলার আসামি

মারাত্মক খাদ্য ঝুঁকিতে বাংলাদেশ, জাতিসংঘের সতর্কতা

মারাত্মক খাদ্য ঝুঁকিতে বাংলাদেশ, জাতিসংঘের সতর্কতা

দিল্লিতে সিজেপি'র বিক্ষোভে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

দিল্লিতে সিজেপি'র বিক্ষোভে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

প্রশ্নফাঁস ঠেকাতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা মোদীর

প্রশ্নফাঁস ঠেকাতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা মোদীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App