এ মাসেই প্রকাশ এসএসসির ফল প্রকাশের প্রস্তুতি শেষ পর্যায়ে
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
মাধ্যমিক/এসএসসি ও সমমান পরীক্ষার্থী এবং অভিভাবকদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। ফল প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি সম্পন্ন করতে ২৭ বা ২৮ জুলাই পর্যন্ত সময় লাগতে পারে। এরপর সরকারের নির্ধারিত তারিখে ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আশা করা হচ্ছে চলতি মাসের মধ্যেই পরীক্ষার ফল প্রকাশ করবে।
গতকাল বুধবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, আমাদের ২৭-২৮ তারিখ পর্যন্ত প্রস্তুতি সম্পন্ন করতে সময় লাগবে। এরপর সরকারের পক্ষ থেকে যখন সময় নির্ধারণ করা হবে, তখনই ফল প্রকাশ করা হবে।
বোর্ড সূত্রে জানা গেছে, ফল প্রকাশের জন্য ট্যাবুলেশন, যাচাই-বাছাইসহ অন্যান্য কারিগরি কাজ শেষ পর্যায়ে রয়েছে। এসব কার্যক্রম শেষ হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে। সবকিছু ঠিক থাকলে চলতি জুলাই মাসের শেষ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এ বছরের এসএসসি ও সমমানের ফল প্রকাশিত হতে পারে।
এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন একাধিক অনুষ্ঠানে ২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশের আশাবাদ ব্যক্ত করেছিলেন এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে বোর্ডগুলোকে সেভাবেই প্রস্তুত থাকার নির্দেশনা দেয়া হয়েছিল। তবে নির্ধারিত সেই তারিখে অর্থাৎ গত ২০ জুলাই ফলাফল প্রকাশ করা সম্ভব হয়নি।
ফলাফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা দুটি সহজ উপায়ে মার্কশিটসহ রেজাল্ট সংগ্রহ করতে পারবেন। অফিশিয়াল ওয়েবসাইট বা ই-বোর্ড রেজাল্ট পোর্টালে গিয়ে পরীক্ষা, বছর, বোর্ড, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিলেই মার্কশিট দেখা যাবে। মোবাইলে এসএমএসের মাধ্যমও পরীক্ষার ফল জানা যাবে।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি
শিক্ষা বোর্ডের অধীনে নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন বা নকলের অভিযোগে মোট ২০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
