×

শেষের পাতা

২৪ নভেম্বরের আগেই সময় বাড়ানোর সিদ্ধান্তের সম্ভাবনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

২৪ নভেম্বরের আগেই সময় বাড়ানোর সিদ্ধান্তের সম্ভাবনা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও নেপালের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর অনুরোধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের কাছে সুপারিশ করেছে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক)। যা অবশ্যই ইতিবাচক। ২৪ নভেম্বরের আগেই প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) গতকাল বুধবার জানায়, ২১ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিত ইকোসকের এক বৈঠকে সর্বসম্মতিক্রমে এ-সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয় এবং চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিষয়টিকে জাতিসংঘের সাধারণ পরিষদে সুপারিশ করা হয়। ফলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলতি বছরের ২৪ নভেম্বরের আগেই দুই দেশের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার জোরালো সম্ভাবনা তৈরি হয়।

বৈঠকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বাংলাদেশ ও নেপালের পক্ষে প্রস্তুতিকাল অতিরিক্ত ৩ বছর বাড়ানোর প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা তুলে ধরেন। তিনি বলেন, এলডিসি থেকে একটি মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিত করার জন্য এই বাড়তি সময়টুকু অত্যন্ত অপরিহার্য।

এর আগে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) উভয় দেশের আবেদন পর্যালোচনা করে ইতিবাচক মত দিয়ে জানায়, সময় বাড়ানোর প্রস্তাবটি সাধারণ পরিষদে বিবেচনার জন্য উপস্থাপন করা সমীচীন। সিডিপির সেই মতামতের ওপর ভিত্তি করেই ইকোসক সাধারণ পরিষদকে আগামী ২৪ নভেম্বরের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার সুপারিশ পাঠাল।

প্রসঙ্গত; বর্তমানে ওই তারিখেই বাংলাদেশ ও নেপালের এলডিসি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে আসার কথা রয়েছে।

ইকোসকের এ সিদ্ধান্তের পর রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এলডিসি উত্তরণে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদ সময় বাড়ানোর বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিলে বাংলাদেশ প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ ও সংস্কার বাস্তবায়নের গতি বাড়াবে এবং এলডিসি-পরবর্তী সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের প্রস্তুতিকে আরো সুসংহত করবে।

বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর বাংলাদেশকে এলডিসি তালিকা থেকে উত্তরণের সময়সীমা ৩ বছর পিছিয়ে দেয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করে। সরকারের যুক্তি, সময়সীমা বাড়ানো হলে সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল করা, চলমান সংস্কার সংহত করা ও স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজির (এসটিএস) অধীন অগ্রাধিকারমূলক কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নীতিগত সুযোগ পাওয়া যাবে। চিঠিতে আরো বলা হয়, এলডিসি

উত্তরণে ৫ বছরের প্রস্তুতি সময় একের পর এক দেশি ও আন্তর্জাতিক সংকটে ‘গুরুতরভাবে ব্যাহত’ হয়েছে।

বৈশ্বিক সংকটের মধ্যে রয়েছে কোভিড-১৯ মহামারির দীর্ঘস্থায়ী প্রভাব, বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধারের ধীরগতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও তার প্রভাবে জ্বালানি ও খাদ্যবাজারে অস্থিরতা, বৈশ্বিক আর্থিক ব্যবস্থার কড়াকড়ি, বাণিজ্য পুনরুদ্ধারে বিলম্ব, মধ্যপ্রাচ্যে অস্থিরতা এবং বৈশ্বিক বাণিজ্যব্যবস্থায় বাড়তে থাকা অনিশ্চয়তা। দেশি সংকটের মধ্যে আছে আর্থিক খাতে অনিয়ম, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তন এবং রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন এখনো নিষ্পত্তি না হওয়া।

প্রসঙ্গত; ১৯৭৫ সালে বাংলাদেশ এলডিসি তালিকাভুক্ত হয়। এলডিসিভুক্ত থাকার সুবাদে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধাসহ নানা সুযোগ পেয়ে এসেছে। এলডিসি থেকে কোন দেশ বের হবে, সে বিষয়ে সুপারিশ করে সিডিপি। ৩ বছর অন্তর এলডিসিভুক্ত দেশগুলোর ত্রিবার্ষিক মূল্যায়ন হয়। মাথাপিছু আয়, মানবসম্পদ, জলবায়ু ও অর্থনৈতিক ভঙ্গুরতা- এই ৩ সূচকের ভিত্তিতে নির্ধারণ করা হয়, কোনো দেশ উত্তরণের যোগ্য কিনা। যেকোনো দুটি সূচকে উত্তীর্ণ হতে হয়, অথবা মাথাপিছু আয় নির্ধারিত সীমার দ্বিগুণ হতে হয়। সময়ের সঙ্গে সঙ্গে এসব মানদণ্ড অবশ্য পরিবর্তিত হয়। বাংলাদেশ ২০১৮ ও ২০২১ সালের ত্রিবার্ষিক মূল্যায়নে ৩টি সূচকেই উত্তীর্ণ হয়েছে। সেগুলো হলো- মোট জাতীয় আয় (জিএনআই), মানবসম্পদ সূচক (এইচএআই) ও অর্থনৈতিক ঝুঁকি সূচক (ইভিআই)। ২০২১ সালেই চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছিল, ২০২৪ সালে বাংলাদেশ এলডিসি থেকে বের হবে। করোনার কারণে উত্তরণ ২ বছর পিছিয়েছে, তা না হলে আরো দুই বছর আগেই উত্তরণ হয়ে যেত।

জানা যায়, এলডিসি থেকে উত্তরণের সময় পেছানোর আবেদন করে সফল হয়েছে সলোমন দ্বীপপুঞ্জ। ২০২৩ সালে দেশটির সরকার গৃহযুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগের কারণ দেখিয়ে বাড়তি সময় চেয়ে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) কাছে আবেদন করে। তা মূল্যায়ন করে দেশটিকে ৩ বছর সময় বাড়িয়ে দেয় সিডিপি। এ ছাড়া সুনামির কারণে মালদ্বীপ ও ভূমিকম্পের কারণে নেপালের এলডিসি উত্তরণও নির্ধারিত সময়ে হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মানবতাবিরোধী মামলায় ট্রাইব্যুনালে হাজির জিয়া হত্যা মামলার আসামি

মানবতাবিরোধী মামলায় ট্রাইব্যুনালে হাজির জিয়া হত্যা মামলার আসামি

মারাত্মক খাদ্য ঝুঁকিতে বাংলাদেশ, জাতিসংঘের সতর্কতা

মারাত্মক খাদ্য ঝুঁকিতে বাংলাদেশ, জাতিসংঘের সতর্কতা

দিল্লিতে সিজেপি'র বিক্ষোভে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

দিল্লিতে সিজেপি'র বিক্ষোভে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

প্রশ্নফাঁস ঠেকাতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা মোদীর

প্রশ্নফাঁস ঠেকাতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা মোদীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App