গ্যাস সংকট
ঢাকা-ময়মনসিংহ সড়কে চালকদের অবরোধ
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
ময়মনসিংহে সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর দিগারকান্দা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন চালকরা। এ সময় দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। পরে পুলিশের আহ্বানে সাড়া দিয়ে সড়ক ছাড়ে তারা।
বিক্ষোভকারী চালকদের অভিযোগ, কয়েকদিন ধরে জেলার বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নেই। ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করেও অনেক চালক গ্যাস ছাড়াই ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এতে নিয়মিত যাত্রী পরিবহন ব্যাহত হচ্ছে ও দৈনিক আয়-রোজগারে বড় ধরনের প্রভাব পড়েছে। অনেক চালকের পক্ষে পরিবার-পরিজনের ভরণপোষণ করাও কঠিন হয়ে পড়েছে। কয়েকজন চালক বলেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা চাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে সব সিএনজি ফিলিং স্টেশনে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করুক। অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী বাস, ট্রাক, প্রাইভেটকার, ও অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। এতে দূরপাল্লার যাত্রী, কর্মস্থলগামী মানুষ ও শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েন। মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে আশপাশের সড়কেও যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনরত চালকদের সঙ্গে আলোচনা করে। পরে তাদের মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানালে তারা অবরোধ প্রত্যাহার করেন। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিব্বিরুল আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অবরোধকারী চালকদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়। এরপর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
