৫ আগস্ট ‘জুলাই স্মৃতি’ জাদুঘর উদ্বোধন
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে। আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেয়ার ঘোষণা দিয়েছে সরকার। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
খুন, গুম, নির্যাতন, বিরোধী মত দমন থেকে ক্ষমতার অপব্যবহার-এসব কিছুরই পাওয়ার হাউস ছিল লাল দেয়ালের গণভবন। তাই গণমানুষের হতে না পারা গণভবনের প্রতি মানুষের ক্ষোভের পরিধি ছিল দেশজুড়ে। সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটে ২০২৪ সালের ৫ আগস্ট। ছাত্র-জনতা দখলে নেয় স্বৈরশাসকের বাসভবন।
সেসব স্মৃতিচিহ্ন, এই বিপ্লবের দুর্লভ সব দলিল, শহীদ ও আহতদের নানা স্মারক, পোশাক, আন্দোলনের ব্যানার, প্ল্যাকার্ডসহ অন্যান্য সরঞ্জাম সংরক্ষণে উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। সিদ্ধান্ত হয়, গণভবন হবে জুলাই স্মৃতি জাদুঘর।
কিন্তু বারবারই দিনক্ষণ দিয়েও এটি চালু করতে পারেনি অন্তর্বর্তী সরকার।
উদ্বোধনের বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, আগামী ৫ আগস্ট জুলাই জাদুঘরটি উদ্বোধন করা হবে। এ বিষয়ে ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এটির শুভ উদ্বোধন করবেন।
এবার দিনটি ‘ স্বৈরাচার পতন দিবস’ হিসেবে সরকারিভাবে উদযাপিত হবে উল্লেখ করে তিনি বলেন, ‘স্বৈরাচার পতন দিবস’ হিসেবে এটি সরকারের পক্ষ থেকে একটি সরকারি দিবস হিসেবে উদযাপিত হবে। এ উপলক্ষে আমাদের প্রস্তুতি নেয়া হয়েছে। ওই দিন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারের সদস্য এবং আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
