বাঁশখালীতে জমি দখল নিয়ে গুলিতে নিহত ১, আহত দুই
চট্টগ্রাম অফিস
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পশ্চিম সরল এলাকায় সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার সরল ইউনিয়নের পশ্চিম সরল গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত জিল্লুর রহমান (৩২) পশ্চিম সরল গ্রামের বাসিন্দা। একই গ্রামের কাউসার ও বেলাল গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানালেন, বুলেটবিদ্ধ অবস্থায় জিল্লুরকে রাত আড়াইটার দিকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বঙ্গোপসাগরের বেড়িবাঁধ-সংলগ্ন সরকারি খাস জমিতে গড়ে তোলা লবণের মাঠ ও মাছের ঘের দখলকে কেন্দ্র করে রাত ২টার দিকে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি গুলিবিনিময়ের পর পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রবিউল হক সংবাদ মাধ্যমকে জানান , ‘সরকারি খাস জমিতে একপক্ষ লবণের মাঠ করেছে। মাছের চাষও করছে। সেই খাস জমি দখলে নেয়ার জন্য আরেক পক্ষ হামলা করে। তখন উভয় পক্ষে গোলাগুলি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি। স্থানীয় অধিবাসীরা জানান, ওই এলাকায় অনেকটা জোর যার মুল্লুক তার এমন অবস্থা চলছে। মাছের ঘের ও চিংড়ি চাষের জন্য প্রভাবশালীরা বৈধ-অবৈধ অস্ত্র ব্যবহার করতে কোনো দ্বিধা করে না। কারণ এসব ব্যবসা থেকে লাখ লাখ টাকা আয় হয় তাদের। আর সরকারি খাস জমি দখলের জন্য ওই এলাকাতে অধিকাংশ প্রভাবশালীরা যখন-তখন গোলাগুলিও শুরু করে দেয়।
