×

শেষের পাতা

শক্তিশালী বোমা নিষ্ক্রিয় করার সময় দেয়াল ধস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শক্তিশালী বোমা নিষ্ক্রিয় করার সময় দেয়াল ধস

প্রেশার কুকারের ভেতরে তৈরি একটি শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট। ঢাকার উপকণ্ঠ আশুলিয়ার চারাবাগ এলাকায় একটি চায়ের দোকানের সামনে গতকাল শুক্রবার ফেলে যাওয়া ব্যাগ থেকে উদ্ধার হয় বোমাটি। বোম্ব ডিসপোজাল ইউনিটের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরক ও অসংখ্য বিয়ারিং বল দিয়ে তৈরি ডিভাইসটি এতটাই শক্তিশালী ছিল যে, নিয়ন্ত্রিত বিস্ফোরণের সময় সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার পরেও পাশের একটি সীমানাপ্রাচীর ধসে পড়ে।

পুলিশ ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার গভীর রাতে এক ব্যক্তি চারাবাগ এলাকার একটি চায়ের দোকানে এসে ৫০০ টাকার নোট ভাঙাতে চান। দোকানদার ভাঙতি না থাকায় ওই ব্যক্তি কিছু সময়ের জন্য নিজের ব্যাগটি দোকানের সামনে রাখার কথা বলে সেখান থেকে চলে যান। দীর্ঘ সময় পার হলেও তিনি ফিরে না আসায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে ব্যাগটি খুলে দেখা যায়, ভেতরে স্কচটেপে মোড়ানো একটি প্রেশার কুকার রয়েছে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। ওইদিন রাত প্রায় ১টার দিকে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা ডিসপোজাল টিমকে খবর দেয়া হয়। রাত ৩টার দিকে বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে ডিভাইসটি উদ্ধার করে। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের এক কর্মকর্তা জানান, প্রেশার কুকারের ভেতরে বিপুল পরিমাণ বিয়ারিং বল ও বিস্ফোরক রাসায়নিক ব্যবহার করে আইইডিটি তৈরি করা হয়েছিল। কোন ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়েছে, তা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। তিনি বলেন, বোমাটি যথেষ্ট শক্তিশালী ছিল। পরে গতকাল শুক্রবার ভোরে ঘটনাস্থলের কাছাকাছি একটি খালি মাঠে গর্ত খুঁড়ে ও চারপাশে বালুর বস্তা দিয়ে সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে ডিভাইসটির নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়। তবে সব ধরনের সতর্কতা অবলম্বনের পরও বিস্ফোরণের কম্পনে পাশের একটি সীমানাপ্রাচীর ধসে পড়ে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, বোমাসদৃশ বস্তুটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এর আগে গত ২৪ জুলাই রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি পাইপ বোমা উদ্ধার করে পুলিশ। ওইদিন সনাতন ধর্মাবলম্বীদের উল্টোরথ যাত্রা অনুষ্ঠিত হচ্ছিল। পরিত্যক্ত একটি ছাতার ভেতরে রাখা ওই ডিভাইসটিও পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট নিষ্ক্রিয় করে। ওই ঘটনার পর ডিএমপির কর্মকর্তারা ধারণা করেছিলেন, ডিভাইসটি উল্টোরথ যাত্রার পথকে লক্ষ্য করে রাখা হতে পারে। তবে পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঘটনাটিকে কাকতালীয় উল্লেখ করে বলেন, রথযাত্রা বা উল্টোরথ যাত্রার সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে বলে মনে করার কারণ নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই’

অ্যাটর্নি জেনারেল ‘আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই’

তরুণীর জিম্মায় বাইক-মোবাইল, ‘বিশেষ কাজ’ সারতে গেলেন চালক!

তরুণীর জিম্মায় বাইক-মোবাইল, ‘বিশেষ কাজ’ সারতে গেলেন চালক!

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযান, গ্রেপ্তার ৪৮৩

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযান, গ্রেপ্তার ৪৮৩

বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App