×

শেষের পাতা

উদ্বেগজনকহারে ডেঙ্গু বাড়ছে নিয়ন্ত্রণে আন্তরিকতা প্রয়োজন

Icon

চট্টগ্রাম অফিস

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

উদ্বেগজনকহারে ডেঙ্গু বাড়ছে নিয়ন্ত্রণে আন্তরিকতা প্রয়োজন

চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরের প্রথম সাত মাসে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩৪ জনে। এর মধ্যে জুলাই মাসেই শনাক্ত হয়েছেন ৫৩৬ জন, যা চলতি বছরের মোট আক্রান্তের প্রায় ৬৪ শতাংশ। আশঙ্কা করা হচ্ছে, বর্ষাকালে বৃষ্টির পানি বিভিন্নভাবে জমে থাকায় এই আগস্ট ও সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর প্রকোপ আরো বাড়তে পারে। গত ৩১ জুলাই চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত ডেঙ্গু প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

তবে সরকারি এ প্রতিবেদনেই কিন্তু প্রকৃত চিত্র উঠে আসে না। কারণ বিভিন্ন বেসরকারি ক্লিনিক, চিকিৎসকদের প্রাইভেট চেম্বারেও প্রচুর রোগী চিকিৎসা নিচ্ছেন, অনেক সময় সে হিসাবটি জেলা সিভিল সার্জনের হিসাবে অন্তর্ভুক্ত হয় না, যদিও সিভিল সার্জন অফিস থেকে বিভিন্ন চিকিৎসা ও রোগনির্ণয় কেন্দ্র থেকে রিপোর্ট পাঠানোর তাগিদ দেয়া হয়। তবে স্বাস্থ্য বিভাগের এ তুলনামূলক চিত্রের মধ্য দিয়ে ডেঙ্গুর এই প্রকোপটি বোঝা যাচ্ছে।

সরকারি হিসেব অনুযায়ী, ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৭ মাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩৪ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের।

নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৩ জন ভর্তি হয়েছেন। তবে বিআইটিআইডি, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও সিএমএইচএ নতুন কোনো রোগী ভর্তি হয়নি। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৯৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৪১ জন, বিআইটিআইডিতে ৮ জন, ২৫০ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১০ জন, সিএমএইচে ৩ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২৫ জন চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত ৭৩৫ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারিতে ৬৮, ফেব্রুয়ারিতে ২২, মার্চে ২০, এপ্রিলে ২৯, মে মাসে ৩৭, জুনে ১২২ এবং জুলাই মাসেই সর্বোচ্চ ৫৩৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। গত বছরের জুলাই মাসে আক্রান্তের সংখ্যা ছিল ৪৩০ জন।

সে তুলনায় চলতি বছরের জুলাইয়ে আক্রান্ত বেড়েছে ১০৬ জন বা প্রায় ২৫ শতাংশ। চলতি বছরে আক্রান্তদের মধ্যে মহানগরের ৩৩৮ জন, বিভিন্ন উপজেলার ৩৪১ জন এবং অন্যান্য জেলার ১৫৫ জন রয়েছেন।

উপজেলাগুলোর মধ্যে সীতাকুণ্ডে সর্বোচ্চ ৮১ জন আক্রান্ত হয়েছেন। এরপর রয়েছে কর্ণফুলী (৫৭), লোহাগাড়া (২৯), রাউজান (২৮), পটিয়া (২১), সাতকানিয়া (২০), মীরসরাই (১৯), বাঁশখালী (১৯), আনোয়ারা (১৫) ও রাঙ্গুনিয়া (১৫)।

অন্যদিকে মহানগরে কোতোয়ালী এলাকায় সর্বোচ্চ ৫৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এরপর বায়েজিদ (৪৭), বন্দর (৩৬), হালিশহর (২৯), পাহাড়তলী (২৮), আকবর শাহ (২৪), বাকলিয়া (২২), সদরঘাট (১৮) ও ডবলমুরিং (১৮) এলাকায় বেশি রোগী শনাক্ত হয়েছে। এছাড়া চট্টগ্রামের হাসপাতালে চিকিৎসা নিতে আসা অন্যান্য জেলার ১৫৫ জন রোগীর মধ্যে কক্সবাজারের ৮৮ জন, বান্দরবানর ২৭ জন, ফেনীর ১৮ জন, রাঙ্গামাটির ৯ জন, নোয়াখালীর ৮ জন, কুমিল্লা ও ল²ীপুরের ২ জন করে এবং খাগড়াছড়ির ১ জন রয়েছেন। লিঙ্গভিত্তিক তথ্য দেখা গেছে, আক্রান্তদের মধ্যে পুরুষ ৪৮০ জন, নারী ২১৬ জন এবং শিশু ১৩৮ জন। চলতি বছরে মারা যাওয়া তিনজনের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম সংবাদ মাধ্যমকে বলেন, ‘ডেঙ্গু মোকাবিলায় আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। পর্যাপ্ত কিট ও চিকিৎসা-সুবিধা নিশ্চিত করা হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে ডেঙ্গুর বিস্তার রোধে নিয়মিত কাজ করা হচ্ছে’।

চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বিও বলেছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। তাই আগস্ট ও সেপ্টেম্বর মাসে পরিস্থিতি আরো জটিল হতে পারে। এ কারণে জনগণকে বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, নির্মাণাধীন ভবন ও আশেপাশে কোথাও পরিষ্কার পানি জমতে না দেয়া, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা, মশারি ব্যবহার এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে আরো ২ মেট্রোরেল, যুক্ত হচ্ছে যেসব এলাকা

রাজধানীতে আরো ২ মেট্রোরেল, যুক্ত হচ্ছে যেসব এলাকা

রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

পেট্রোল ঢেলে সাবেক স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী আটক

পেট্রোল ঢেলে সাবেক স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী আটক

ম্যাচ চলাকালীন ব্রাজিলিয়ান ফুটবলারকে গুলি করে হত্যা

ম্যাচ চলাকালীন ব্রাজিলিয়ান ফুটবলারকে গুলি করে হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App